কলকাতা হাই কোর্টে বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সওয়াল বাম এবং তৃণমূলের! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়িয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya)। আজ, বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি ছিল। সেই মামলায় সওয়াল করতেই এদিন সকালেই কালো শামলা পরে হাই কোর্টে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতির এজলাসে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারের বিরুদ্ধে সওয়াল করেন তিনি। বলেন, এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা। ফলে বাংলার মানুষকে বাঁচান। কার্যত মমতার পাশে দাঁড়িয়েই এই মামলায় সওয়াল করেন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর দাবি, নিউ মার্কেট এলাকায় হকারদের অস্থায়ী দোকান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এদের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।
নির্বাচনের পর তৃণমূল কার্যালয় ও কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলা থেকে সেই অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ভোটের ফলপ্রকাশের পর থেকে একাধিক বিজেপি নেতাকর্মীও আক্রান্ত হয়েছেন। এমনকী দু'জন বিজেপি কর্মীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। আইনশৃঙ্খলা ইস্যুতে কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে বিজেপি সরকার। এরমধ্যেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে অংশ নেন তৃণমূল সুপ্রিমো। সওয়াল করতে গিয়ে প্রথমেই প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়ে বলেন, ''আমি ১৯৮৫ সাল থেকে আইনজীবী। এবং সেই হিসাবেই আমি সওয়াল করতে চাই।'' এরপরেই একাধিক অভিযোগ তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আদালতে তাঁর অভিযোগ, ৯২ বছরের বৃদ্ধ, ১৮ বছরের দম্পতিকেও বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তপশিলি জাতি, সংখ্যালঘু দের হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তাঁকেও বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, অনলাইনে অভিযোগ জানাতে হচ্ছে। এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাতর আর্জি, দয়া করে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন। যদিও পালটা এই মামলা পুরানো ভোট পরবর্তী সন্ত্রাসের মামলার সঙ্গে যুক্ত করে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়ার আবেদন জানান পুলিশের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। শুধু তাই নয়, কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। কেউ অপরাধ করে থাকলে পুলিশ নিশ্চয় ব্যবস্থা নেবে।
অন্যদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্যের দায়ের করা নিউ মার্কেট সংক্রান্ত মামলাতেও জবাব দেন ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, সরকার ওই অস্থায়ী কাঠামো ভাঙেনি। ঘটনায় যুক্তদের মধ্যে ইতিমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে যখন এই মামলার সওয়াল জবাব চলছে, ঠিক সেই সময় আদালতের বাইরে জয় শ্রী রাম স্লোগান ওঠেন। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিজেপিকে রুখতে বামদের এগিয়ে আসার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এরমধ্যেই এদিন যেভাবে বিকাশরঞ্জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেখা গেল, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিকতরজা। রাজনৈতিকমহলের একাংশের কথায়, বাইরে না হলেও আদালতে এবার বাম-তৃণমূল জোট স্পষ্ট।
