সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনয় তামাংপন্থীদের হাতে নিগ্রহের রেশ এখনও টাটকা। তার মধ্যেই পাহাড় থেকে সমতলে ফিরে মুকুল প্রসঙ্গে জলঘোলা করলেন দিলীপ ঘোষ। এতদিন মুকুলকে নিয়ে প্রশ্ন করা হলে তাঁর উত্তর ছিল, দল তাঁর বিষয়টা দেখছে, কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে। রবিবার আরও কয়েক কদম এগিয়ে বিজেপির রাজ্য সভাপতি নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন। পাহাড় থেকেই ফিরেই এদিন দলের রাজ্য দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘নারদ কাণ্ডের ফুটেজে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি। ফুটেজে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। দোষ প্রমাণ না হলে কাউকে দোষী বলে দেওয়া যায় না।’ এত বিনা মেঘে বজ্রপাত! মুকুল প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্যের আমূল পরিবর্তন তবে কি নয়া পূর্বাভাস দিচ্ছে? রাজনৈতিক মহলের মত, ঘোলা জলে মাছ ধরতে চাইছেন খড়গপুরের বিধায়ক।
[নেত্রীর অপমান মানব না, বিজেপিকে হুঁশিয়ারি পার্থর]
বৃহস্পতিবার পাহাড়ের ঘটনার জল বহুদূর গড়িয়েছে। রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করেই ক্ষান্ত থাকেনি বিজেপি। চলেছে অবস্থান-ধরনা। পালটা মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। পাহাড়ে চক্রান্ত করে বাংলাভাগের ইন্ধন জোগাচ্ছে বিজেপি, এমন অভিযোগও তুলেছে রাজ্যের শাসকদল। এর মধ্যে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাদিবসে বেশ কিছু মোর্চা সমর্থক পার্টি অফিস থেকে বিমল গুরুংয়ের ছবি নামিয়ে নেয়। এর পিছনে সেই বিনয় তামাং গোষ্ঠীর হাত রয়েছে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। গুরুং শায়েস্তা করতে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছেন বলে হাওয়ায় কথা ছড়াচ্ছে, তেমনই সমতলে তৃণমূলের ঘর ভাঙতে পালটা বিজেপি রণকৌশল তৈরি করেছে বলে গুঞ্জন। তারই প্রথম ধাপ নারদ কাণ্ডে মুকুলকে দিলীপের ক্লিনচিট দেওয়া। মুকুল তৃণমূল ছেড়ে বিজেপিতে এলে কী লাভ হবে সেই প্রশ্নের উত্তরে দিলীপের বক্তব্য, ‘আমাদের লাভ-লোকসান হবে কী হবে না তার চেয়ে দেখুন মুকুল দল ছাড়লে তৃণমূলের কী লোকসান হয়। ওর মতো দক্ষ সংগঠক তৃণমূল আর পাবে না।’
এদিন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, নারদ কাণ্ডে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সিবিআইয়ের ডাকে জেরার জন্য হাজিরাও দিতে হয়েছে পরিবহন মন্ত্রীকে। সেই পরিস্থিতিতে শুভেন্দু প্রসঙ্গে দিলীপের বক্তব্য, ‘গঙ্গার ওপারে তৃণমূলের নির্ভরযোগ্য নেতা শুভেন্দু অধিকারী। ও না থাকলে মেদিনীপুরে তৃণমূল সংগঠন বাড়াতে পারত না।’ রাজনৈতিক মহলের মতে, নারদ তদন্তের মধ্যেই শুভেন্দু প্রসঙ্গে দিলীপের এই সার্টিফিকেট অন্য বার্তা বহন করছে।
The post নারদ কাণ্ডে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি, দিলীপের বক্তব্যে নয়া ইঙ্গিত appeared first on Sangbad Pratidin.
