shono
Advertisement
ED Raid in West Bengal

ফের অ্যাকশন মোডে ইডি! কলকাতা, দুর্গাপুর ও আসানসোলের একাধিক ঠিকানায় হানা

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বালি ও কয়লা পাচার মামলার তদন্তেই এই অভিযান।
Published By: Tiyasha SarkarPosted: 10:06 AM Feb 03, 2026Updated: 02:21 PM Feb 03, 2026

সাতসকালে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid in West Bengal)। মঙ্গলবার সকালে দিল্লি, কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায় হানা দেন আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, বুদবুদ থানার ওসির বাড়িতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বালি ও কয়লা পাচার মামলার তদন্তেই এই অভিযান।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ছটা নাগাদ আসানসোলের জামুরিয়ায় পৌঁছয় ইডি আধিকারিকদের একটি দল। বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার বাড়িতে হানা দেয় আরেকটি দল। সকাল থেকেই শুরু হয় টানা তল্লাশি। এখনও বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি মনোরঞ্জন মণ্ডল। তার আগেই জেলা জুড়ে ইডির অল আউট অ্যাকশন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলাজুড়ে। 

বছর খানেক আগে বিভিন্ন দুর্নীতির অভিযোগে আসানসোলের বারাবনি থানা থেকে সাসপেন্ড করা হয় মনোরঞ্জন মণ্ডলকে। এতদিন আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি। সদ্য তাঁকে বুদবুদ থানার ওসি পদে ফিরিয়ে আনা হয়। কিন্তু থানার দায়িত্ব নেওয়ার আগেই ইডির এই অভিযানে নতুন করে উঠল প্রশ্ন। শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয় একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার একাধিক প্রান্তে কয়লা ও বালি ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি।

বারাবনি থানা থেকে সাসপেন্ড করা হয় মনোরঞ্জন মণ্ডলকে। এতদিন আসানসোল পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন তিনি। সদ্য তাঁকে বুদবুদ থানার ওসি পদে ফিরিয়ে আনা হয়।

দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত, তাঁর ভাই অমিতের বাড়িতেও হানা দেয় ইডি। সেপকোতে প্রবীর দত্তের বাড়িতে এদিন ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি তল্লাশি চালাচ্ছে। প্রবীর দত্ত কে কে মিনারেলস সংস্থার মালিক। পানাগড়ে তাঁর অফিস। এছাড়াও বাঁকুড়ার মালিয়ারায় পাথর খাদান, বালি খাদান রয়েছে। কাঁকসার সিলামপুরেও বালি খাদান আছে। সেপকোতেই প্রবীরের ভাই অমিত দত্তের বাড়িতেও একই সময়ে হানা দেয় ইডি। অমিত দত্ত দাদার বালি খাদান দেখাশোনা ছাড়াও অংশীদারিত্বে বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমানে একাধিক বালি খাদান চালায়। পানাগরের বালি ব্যবসায়ী শেখ হাসিম মির্জা বেগের অম্বুজার বাড়িতে, অণ্ডালের বক্তারনগরের শেখ কিরণ মণ্ডল, পাণ্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল-সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়িতেও চলছে অভিযান। এছাড়া কলকাতা ও দিল্লিতেও চলছে তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement