নিউটাউনে (New town) মদ্যপ যুবক-যুবতীদের দাপাদাপি! মত্ত অবস্থায় জোরে গান-বাজনা, চিৎকার। 'অত্যাচার' সহ্য করতে না পেরে প্রতিবাদ প্রতিবেশীর। তাতেই বেধড়ক মারধরে মাথা ফাটল যুবকের। ছয়টি সেলাই পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে, নিউটাউনের যাত্রাগাছি এলাকায়। থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, কিছুদিন আগে যাত্রাগাছির একটি আবাসনে ঘর ভাড়া নেয় এক যুবক-যুবতী। শনিবার তাঁদের ঘরে আসেন ওই যুগলের বন্ধুরা। গভীর রাত পর্যন্ত চলে পার্টি। তাঁদের ঘর থেকে চিৎকার চেঁচামেচি, তীব্র গান বাজনার শব্দ আসতে থাকে। এই অত্যাচার সহ্য করতে পারেননি প্রতিবেশী শওকত আলি ও তাঁর পরিবার।
যুগলের ঘরে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান শওকত। তাঁদের অসুবিধা হচ্ছে সেই কথা জানান। অভিযোগ, তাতে বচসায় জড়িয়ে পড়েন যুগলের বন্ধু ও শওকত। অভিযোগ, প্রতিবাদ জানাতেই বচসা শুরু। তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, ওই ঘরে থাকা ছয়-সাতজন যুবক-যুবতী ব্যাপক মারধর করেন শওকতকে। মারধরের জেরে মাথা ফাটে তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথায় ছয়টি সেলাই পড়ে। পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। পরে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিউটাউনের মতো জায়গায় কোনও ঘটনার প্রতিবাদ করায় এইভাবে মারধর করার ঘটনা বেনজির। প্রশ্ন উঠছে, মদ্যপ অবস্থায় দাপাদাপি করলে প্রতিবাদ করা যাবে না? ধৃতদের গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
