ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রতি জেলায় তিন সদস্যের কমিটি গঠন হাই কোর্টের। প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম নির্দেশ মেনে এই কমিটি গঠন করেছেন। নথি যাচাই পর্ব ঠিক মতো চলছে কি না, তার নজরদারিতে এই কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানিয়েছে রাজ্যের উচ্চ আদালত।
হাই কোর্ট জানিয়েছে, প্রতিটি জেলায় জেলা বিচারক, জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হল। ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের নির্দেশিকা মেনে এই কমিটি গঠন করা হয়েছে। এ দিকে গতকালই জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে আছেন, তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র যাঁরা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ছুটিতে আছেন, তাঁদের ছুটি বাতিল করা হয়নি।
হাই কোর্টের বিজ্ঞপ্তি
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া নিয়ে বেনজির রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। নির্দেশ দেওয়া হয়, মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভার নয়, এবার থেকে SIR নথি যাচাইয়ের কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকরা। সেই ‘জুডিশিয়াল অফিসার’দের নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে জানান, ‘জুডিশিয়াল অফিসার’দের নির্দেশই চূড়ান্ত। তিনি বা তাঁরা যা বলবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ হিসাবেই ধরতে হবে। নির্দেশের পর শনিবার বৈঠকেও বসেন হাই কোর্টের প্রধান বিচারপতি, সিইও মনোজকুমার আগারওয়াল, মুখ্যসচিব নন্দনী চক্রবর্তী। তারপর রাতে হাই কোর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, জেলায় জেলায় তিন সদস্যের কমিটি তৈরি করা হচ্ছে।
