shono
Advertisement
Digha Jagannath Temple

সনাতনীদের ভাবাবেগে আঘাত! সরল 'ধাম', দিঘার জগন্নাথ মন্দির এখন শুধুই সাংস্কৃতিক কেন্দ্র

এবার থেকে জগন্নাথ মন্দির শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে।
Published By: Subhankar PatraPosted: 04:56 PM Jun 09, 2026Updated: 06:18 PM Jun 09, 2026

জগন্নাথ ভক্তদের মনে আঘাত! ওড়িশাবাসী ও সনাতনী হিন্দুদের মনে কষ্ট দেওয়া হয়েছে!  দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) থেকে সরল 'ধাম' শব্দ। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির চিঠি পাওয়ার পরই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। প্রতিদিন নিয়ম মেনেই জগন্নাথ দেবের পুজো হবে। তাতে কোনও ছেদ পড়বে না। মঙ্গলবার নবান্নে পুরীর সাংসদ সম্বিত পাত্রের উপস্থিতিতে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

হিন্দু ধর্ম অনুসারে, আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চারধামের একটি পুরী। বাকি তিনটি বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বর। তবে তৃণমূল সরকারের আমলে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দিরে 'ধাম' শব্দ যোগ করা হয়। তাতে অনেকেই আপত্তি তোলেন। কোনও মন্দিরকে কি 'ধাম' বলা যায় ওঠে সেই প্রশ্নও। কিন্তু তা 'তোয়াক্কা' না করে তৎকালীন সরকার নাম দেয় শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। পুজোর দায়িত্ব দেওয়া হয় ইসকনকে। এবার সেই 'ধাম' শব্দ সরিয়ে নিল সরকার।

'ধাম' শব্দটি ব্যবহার সনাতন সংস্কৃতির সমর্থক নয়। তা আহত করেছে ওড়িশাবাসী ও জগন্নাথ ভক্তদের। এই মর্মে একটি চিঠি নিয়ে এ দিন ওড়িশার প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আসেন সম্বিত পাত্র। সেই চিঠি গ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, "সনাতন সংস্কৃতিকে অপমান করেছে তৃণমূল সরকার। ধাম শব্দটি সরিয়ে নেওয়া হচ্ছে। মন্দিরে সনাতনী সংস্কৃতি মেনেই পুজো হবে।"

বিরোধী দলনেতা থাকার সময়ই শুভেন্দু অধিকারী এই 'ধাম' শব্দ নিয়ে আপত্তি তুলেছিলেন। আজ, সেই সূত্র ধরেই বলেন, "আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর মায়াপুর ইসকনে গিয়েছিলাম। সেখানেও কথা বলেছিলাম। আজ, ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেলাম। সেটি গ্রহণ করেছি। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির থেকে 'ধাম' শব্দটি সরিয়ে নেওয়া হল।"

প্রসঙ্গত, দিঘার মন্দিরে ধাম শব্দের পাশাপাশি 'দুয়ারে প্রসাদ' পাঠানো নিয়ে কম বিতর্ক হয়নি। তৃণমূল ঘনিষ্ঠদের প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে। এ দিন মুখ্যমন্ত্রী  শুভেন্দু বলেন, "ধাম শব্দটি নিয়ে বিতর্ক ছিল। তাই সরিয়ে দিয়েছে। দিঘার মন্দির শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। এটাই হিডকোর টেন্ডারে রয়েছে। স্থাপত্যটি মন্দির নামেই পরিচিত হবে। সনাতন সংস্কৃতির রীতি নীতি মেনেই দিঘার মন্দিরে পুজো হবে।"

এই সিদ্ধান্তের পর, দিঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত তথা ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 'দীঘা জগন্নাথ ধামে'র নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে 'দিঘা জগন্নাথ মন্দির' করার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজি-র এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আলোচনা করেছিলেন। আমরা অত্যন্ত আনন্দিত যে এখন থেকে এই মন্দির ‘দিঘা জগন্নাথ মন্দির’ নামে পরিচিত হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement