তৃণমূলের বিরুদ্ধে আকণ্ঠ দুর্নীতির অভিযোগ তো ছিলই। ভরাডুবির পর বিরোধী দল হিসেবে নতুন করে সই বিতর্কে এবার নাকানিচোবানি খাচ্ছে ঘাসফুল শিবির। "দুর্নীতির অভিযোগে মানুষ মুখ ফিরিয়েছেন, অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান করা উচিত"। তৃণমূলকে জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
বিরোধী দলনেতা রেজোলিউশনে সই জাল কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে প্রশ্ন করলে বলেন, "পুরো পার্টিটাই জালি। আর কী আশা করা যায়, মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল"। দিলীপের দাবি, "অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান করা উচিত। ওদের প্রতীক ব্যান করে দেওয়া উচিত। জঙ্গি সংগঠনের মতো কাজ করে তৃণমূল কংগ্রেস।"
এই প্রসঙ্গে দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। তিনি বলেন, "সবাইকে চুরি করতে শিখিয়েছেন। এখন তার ফল ভোগ করতে হবে। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। রাখাল স্কুলে সবার খাতা বই পেনসিল চুরি করত। যেদিন ধরা পড়ল সেদিন মাসির কানে কথা বলার বাহানায় মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল। বলল মাসি তুমিই আমাকে চুরি করতে শিখিয়েছ। কান কাটা এখনও বাকি আছে পিসির"।
শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়েও কার্যত ব্যঙ্গাত্মক সুর শোনা গেল মন্ত্রী দিলীপ ঘোষের গলায়। সৌগত রায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে। এর-তার গায়ে ডিম ছুঁড়ে নষ্ট করবেন না। ডিম খান। শক্তি বাড়ান। ফালতু লোককে ডিম মেরে লাভ নেই।"
