সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপান করেছিলেন, তবে মত্ত ছিলেন না। গাড়ি চালাতে পারবেন বলেই, স্টিয়ারিংয়ে হাত রেখেছিলেন। গাড়ি দুর্ঘটনার বেশ কয়েকদিন পর অবশেষে নিজের বয়ানে বদল আনলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ম্যারাথন জেরার পর স্বীকার করলেন মদ্যপানের কথা।
[ মদ্যপান করেছিলেন বিক্রম, জেরায় স্বীকার অভিনেতা অনিন্দ্যর ]
লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান মডেল সনিকা সিং চৌহান। সে গাড়ির চালক ছিলেন অভিনেতা বিক্রম। স্বভাবতই তা দুর্ঘটনা নাকি বিক্রমের গাফিলতিতে মৃত্যু হল সনিকার, এ প্রশ্ন উঠতে থাকে। সনিকার পরিবারের থেকে বিক্রমের নামে অভিযোগও দায়ের করা হয়। এর আগে বিক্রম জানিয়েছিলেন যে, তিনি মদ্যপান করেননি। যদিও তিনি মিথ্যাচার করছেন বলে সোশ্যাল মিডিয়ায় সরব হন অনেকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বেশ কয়েকজন প্রতক্ষ্যদর্শী জানান যে, সেদিন পার্টিতে বিক্রম মদ্যপান করেছিলেন। এরপর মঙ্গলবার বিক্রম-সনিকার বন্ধু অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনিও স্বীকার করেন বিক্রমের মদ্যপানের কথা। পরে বিক্রমকে ডেকে জিজ্ঞাসা করার সময়ও বিক্রম স্বীকার করে নেন যে, তিনি মদ্যপান করেছিলেন। কিন্তু মত্ত ছিলেন না। গাড়ি চালানোর অবস্থাতে ছিলেন বলেই স্টিয়ারিংয়ে হাত রেখেছিলেন। এর আগে বিক্রম জানিয়েছিলেন, দুর্ঘটনার সময় আরও একটি গাড়ি তাঁর গতিপথে চলে এসেছিল। কিন্তু এদিন সে গাড়ির কথাও উল্লেখ করেননি তিনি। গাড়ি জোরে চালাচ্ছিলেন না বলেও জানিয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে বিক্রম জানিয়েছেন, সম্ভবত ট্রামলাইনে চাকা পিছলে যাওয়ার ফলেই এই বিপত্তি ঘটে।
[ দুর্ঘটনার আগে মদ্যপান করেছিলেন বিক্রম, জোরদার হচ্ছে দাবি ]
জানা যাচ্ছে, বিক্রম যা জবাব দিয়েছেন তাতে তেমন সন্তুষ্ট নয় পুলিশ। তার আগের বয়ান ও বর্তমান বয়ানে অসঙ্গতিও লক্ষ করেছেন তদন্তকারী অফিসাররা। সোশ্যাল মিডিয়া ও প্রতক্ষ্যদর্শীদের বয়ান অনুযায়ী বিক্রম মদ্যপ ছিলেন। যদিও এখনও বিক্রম বলছেন যে তিনি মত্ত ছিলেন না। এই পরিস্থিতিতে বিক্রম সত্যি বলছেন কি না জানতে, ব্লাড রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। এছাড়া বিক্রমের অন্যান্য উত্তর সত্যি কি না জানার জন্য খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ।
The post ম্যারাথন জেরায় মদ্যপানের কথা স্বীকার বিক্রমের appeared first on Sangbad Pratidin.
