ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। সিগন্যালের সমস্যার জেরে এবার মাঝপথেই থমকালো ইস্ট ওয়েস্ট মেট্রো। সেন্ট্রাল পার্ক স্টেশনে এই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে জানা যাচ্ছে। এরপরেই একাধিক স্টেশনের মধ্যে বন্ধ রাখা হয়েছে মেট্রো পরিষেবা। এমনকী সেক্টর ফাইভ পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। যার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার হন অফিস ফেরত যাত্রীরা। যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে বলে খবর।
মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে মেট্রো বিভ্রাটের খবর সামনে আসে। কিন্তু গ্রিন লাইনের যাত্রীদের এই অভিজ্ঞতা তেমনটা নেই। মেট্রো সূত্রে খবর, এদিন বিকেলে সেন্ট্রাল পার্ক স্টেশনে সিগন্যালিং সিস্টেম ফিডব্যাক ইস্যু দেখা দেয়। এরপরেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় বন্ধ করা হয় পরিষেবা। বলে রাখা প্রয়োজন, হাওড়া ময়দান থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ পৌঁছানোর ক্ষেত্রে একটা বড় অংশের যাত্রীদের কাছে এই মেট্রো খুবই গুরুত্বপূর্ণ। বহু মানুষ এতে যাতায়াত করেন। হঠাৎ এই সমস্যায় চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় অফিস ফেরত যাত্রীদের।
