shono
Advertisement
ED

সোনা পাপ্পু মামলায় শহরজুড়ে ইডির তল্লাশি, অভিযান প্রাক্তন ডিসিপি শান্তনুর কান্দির বাড়িতেও

ইডির হেফাজতে থাকা কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে খবর।
Published By: Subhankar PatraPosted: 08:33 AM May 22, 2026Updated: 10:22 AM May 22, 2026

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডির হানা। জমি দুর্নীতির তদন্তে কসবা, চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিটে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ী, রয়ে়ড স্ট্রিটে একটি হোটেল ও কসবায় এক পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতে তদন্তকারীরা অভিযান চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এই দুর্নীতি মামলায় ইডির হেফাজতে থাকা কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান বলে খবর। পাশাপাশি ডিসিপির মুর্শিদাবাদের কান্দির প্রাসাদোপম বাড়িতেও অভিযান চলছে। 

Advertisement

শুক্রবার সকালে ভবানীপুরের চক্রবেড়িয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন একদল আধিকারিক। এই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। জোর করে জমি দখল, বেআইনি লেনদেনে তাঁর কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে রয়েড স্ট্রিটে একটি হোটলে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। ম্যানেজারর সঙ্গে কথা বলে হোটেলে তল্লাশি শুরু করেন তাঁরা। মালিককে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি কসবায় এক পুলিশের সাব ইন্সপেক্টর রুহুল আমিন আলি শার বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। তিনি ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন কর্মকর্তা। এই পুলিশকর্মী প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খবর। এই পুলিশকর্মী ডিসিপির স্ত্রী ব্যবসায় পার্টনার বলেও জানা যাচ্ছে। তিনি জমি দুর্নীতিতে কোনওভাবে যুক্ত কি না, সব দিক খতিয়ে দেখছেন আধিকারিকরা। 

শহরের তিন জায়গায় তল্লাশির পাশাপাশি, প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহার মুর্শিদাবাদের কান্দির বাড়িতেও হানা দিয়েছেন একদল ইডির অফিসার। কান্দি পুরসভার ৮ ওয়ার্ডে এই বাড়িটি তাঁর পৈত্রিক বাড়ি বলে জানা যাচ্ছে। কান্দি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা শান্তনুর বোন গৌরী সিনহা বিশ্বাস এখানে থাকেন। কিন্তু প্রায় সাত দিন ধরে বাড়িটি তালা বন্ধ। এ দিন প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষা করে তালা ভেঙে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা। তল্লাশি চলছে।

উল্লেখ্য, জোর করে জমি দখল। সেখানে অবৈধ নির্মাণ। আর্থিক তছরুপ-সহ একাধিক অভিযোগে ইডি গ্রেপ্তার করেছে কসবা ত্রাস সোনা পাপ্পুকে। এই মামলাতেই  গ্রেপ্তার হয়েছেন সোনা পাপ্পুর ঘনিষ্ঠ শান্তনু সিনহা  বিশ্বাস ও  এক ব্যবসায়ী। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ফের অভিযানে তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement