shono
Advertisement
Nirmal Ghosh

আর জি কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা-ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ!

শনিবার তপসিয়ার ক্লাবে আচমকা নির্মল ঘোষের উদয়, এড়ালেন যোগদানের প্রশ্ন।
Published By: Sucheta SenguptaPosted: 05:00 PM Jul 11, 2026Updated: 05:23 PM Jul 11, 2026

রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে বহুচর্চিত আর জি কর মামলার ফাইল। শুরু হয়েছে নতুন করে তদন্ত। আর তাতে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা তদন্তকারী স্ক্যানারে। এনিয়ে ফের আলোচনা শুরু হতেই রীতিমতো গা-ঢাকা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর। পুর নিয়োগ দুর্নীতি থেকে একাধিক বেআইনি কাজের অভিযোগের ভিত্তিতে পুলিশের নজর ছিল তাঁদের উপর। এবার 'অজ্ঞাতবাস' কাটিয়ে সেই নির্মল ঘোষকেই দেখা গেল প্রকাশ্যে। শনিবার 'আসল' তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে গেলেন তিনি। যদিও তাঁদের শিবিরে নাম লেখানোর প্রশ্ন এড়িয়ে নির্মলবাবুর সংক্ষিপ্ত বক্তব্য, ‘‘শুধু দেখা করতে এসেছি।''

Advertisement

শুক্রবার তপসিয়ার হোটেলে দীর্ঘ বৈঠকের পর নিজেদের রাজ্য সংগঠন সাজিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। রাজ্য সভাপতি থেকে ছাত্র-যুব সংগঠনে নতুন মুখ আনা হয়েছে। শনিবার তাঁরা সিপিএমের কায়দায় 'প্লেনারি' ডেকেছিল। তপসিয়ায় ঋতব্রত শিবিরের কার্যকরী সভাপতি জাভেদ খানের একটি ক্লাবে তা চলছে। সেখানে আজ দেখা গেল নতুন বেশ কয়েকজনকে। তৃণমূলের 'বিদ্রোহী' চিকিৎসক নেতা শান্তনু সেন থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। এলাকার এক ব্যক্তির থেকে লটারির কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, তাঁরই মদতে ওই কোটি টাকা ছিনতাই করা হয়েছে। সেই মামলাতেই পুলিশ খুঁজছিল নির্মল ঘোষ ও ছাব্বিশের ভোটে পানিহাটির তৃণমূল প্রার্থী তাঁর ছেলে তীর্থঙ্করকে। কিন্তু তাঁরা কার্যত উধাও ছিলেন।

শনিবার আচমকা তপসিয়ার ক্লাবে উদয় হলেন নির্মল ঘোষ। তবে কি এবার তিনিও ঋতব্রত শিবিরে নাম লেখাচ্ছেন? এর জবাবে তিনি সাংবাদিকদের জানান, যোগদান নয়, ''দেখা করতে এসেছি।'' তিনি যাই বলুন, ওয়াকিবহাল মহলের মত, আর জি কাণ্ডে নিজের পিঠ বাঁচাতে সরকার ঘনিষ্ঠ ঋতব্রত শিবিরে যোগ দিতে চেয়েই আজকের বৈঠকে তাঁর যাওয়া। এদিনের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শান্তনু সেন, নারায়ণ গোস্বামীরাও গিয়েছেন। তবে সকলের নজর এখন একটিই। 'আসল' তৃণমূল কলেবরে যতই বড় হোক,  নির্বাচন কমিশন স্বীকৃতি দেবে তো? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement