shono
Advertisement
TMC councilor

তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর! এবার গ্রেপ্তার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে।
Published By: Jaba SenPosted: 10:13 AM Jun 27, 2026Updated: 10:53 AM Jun 27, 2026

কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানির চেষ্টা, মারধর-সহ আরও বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে সার্ভে পার্ক থানার পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে।

Advertisement

ধৃত ব্যক্তির নাম তারকেশ্বর চক্রবর্তী। তিনি কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর পাশাপাশি কলকাতা পুরসভার বোরো ১১-এর চেয়ারম্যানও ছিলেন তিনি। তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তিনি এলাকায় ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন বলে অভিযোগ। শ্লীলতাহানির চেষ্টা, মারধর, জোর করে আটকে রাখা, ভয় দেখানো, তোলাবাজি-সহ ভেরি দখলের অভিযোগ রয়েছে তারকেশ্বরের বিরুদ্ধে। এই নিয়ে সার্ভে পার্ক থানায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্তের পর গতকাল গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

অভিযোগ, তোলাবাজি ও ভেরি দখল করে মোটা টাকা আত্মসাৎ করেছেন কাউন্সিলর ও তাঁর দলবল। ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। এর সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত প্রাক্তন কাউন্সিলরের সম্পত্তির উপরও নজরদারি চলছে। কোথাও কোনও বেআইনি সম্পত্তি রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।

এই ঘটনায় বিজেপি সাংসদ রাহুল সিনহা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে চোর ছাড়া একটাও লোক নেই। এখানে চুরি বিদ্যা শেখানো হয়। চুরির ভাগ দেওয়ার জন্য লাগামছাড়া দুর্নীতি হয়েছে। দুর্নীতি করলেই সাত খুন মাফ হয়েছে। এটাই তৃণমূলের নীতি। আরও অনেক দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা জেলে যাবেন বলে জানান তিনি।

রাজ্যে পালাবদলের পর এই নিয়ে কলকাতা পুরসভার তৃণমূলের অন্তত ৯-১০ জন কাউন্সিলর গ্রেপ্তার হলেন। এর আগে ১০১ নম্বর ওয়ার্ডের বাপ্পাদিত্য দাশগুপ্ত, ২ নম্বর ওয়ার্ডের মহেশকুমার শর্মা, ১০৬ নম্বর ওয়ার্ডের অরিজিৎ দাস ঠাকুর, ১২৩ নম্বর ওয়ার্ডের সুদীপ পোল্লে, ৩৬ নম্বর ওয়ার্ডের শচীন সিংহ, ১১৪ নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ মণ্ডল, ৬৩ নম্বর ওয়ার্ডের সুস্মিতা ভট্টাচার্যকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সারিফ হাড্ডিকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন আগে এলাকারই কয়েকজন মহিলা তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করল পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement