সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল ব্রেবোর্ন রোডে৷ নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন দুপুর একটা নাগাদ লালবাজার মুখী হয় বিজেপির সভ্য সমর্থকরা৷ মিছিলের নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ, রপা গঙ্গোপাধ্যায়ের মতো শীর্ষ নেতারা৷ এই মিছিল থেকেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷
ব্রেবোর্ন রোডে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি সমর্থকরা৷ তাদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে পুলিশ৷ বাঁশের ব্যারিকেড ভেঙে বিজেপি সমর্থকরা যখন ঢোকার চেষ্টা করছেন, তখনই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ বোমার আঘাতে আহত হন বেশ কয়েকজন৷ বিজেপি নেতারাও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ কর্মীদের নানাভাবে বোঝানোর চেষ্টা চালাচ্ছেন তাঁরা৷ নানা স্তরে ব্যারিকেড করে সমর্থকদের আটকানোর চেষ্টা করা হচ্ছে৷ পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঢিল-পাথর ছোড়া হচ্ছে বলেও অভিযোগ উঠছে৷ তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী৷ ফিয়ার্স লেনেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপি কর্মীদের৷ এখানে মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়৷ শেষমেশ জমায়েত হটাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ৷ গ্রেপ্তার করা হয়েছে কৈলাস বিজয়বর্গীয়কে৷ সব মিলিয়ে পরিস্থিতি বেশ অগ্নিগর্ভ৷বিবি গাঙ্গুলি স্ট্রিটে পুলিশের একটি গাড়িতে আগুন লাগানো হয়, ভাঙচুর চালানো হয় সরকারি আর এখটি গাড়িতেও৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন৷
কেন এত পুলিশ, এ প্রশ্ন তুলেছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ তাঁর দাবি, গণতান্ত্রিক অধিকার হিসেবেই কোনও বিরোধী দল লালবাজারে ডেপুটেশন জমা দিতে পারে৷ কিন্তু তার জন্য এত পুলিশ মজুত করতে হবে কেন? বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, কর্মীরা তাদের কর্মসূচি অনুযায়ী এগোবে৷ পুলিশ পুলিশের কাজ করবে৷
ছবি – অরিজিৎ সাহা ও রাহুল চক্রবর্তী
The post বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার, পুলিশকে লক্ষ্য করে বোমা appeared first on Sangbad Pratidin.
