এবার কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন 'কালীঘাট তৃণমূলে'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর্জি জানিয়েছিলেন দ্রুত শুনানির। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল হাই কোর্ট।
কয়েকবছর আগে দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত লাগে। এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রথমে দেশের একাধিক হাসপাতাল এবং পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান তিনি। যদিও রাজ্যে পালাবদলের পর বঙ্গে বদলেছে রাজনৈতিক পরিস্থিতি। একাধিক মামলায় নাম জড়িয়েছে অভিষেকের। বিধানসভায় সই কাণ্ড থেকে ভোটপ্রচারে গিয়ে উসকানিমুলক মন্তব্য, বর্তমানে সিআইডি রাডারে রয়েছেন তিনি। একটি মামলায় কলকাতা হাই কোর্ট থেকে ইতিমধ্যে রক্ষাকবচ পেয়েছেন সাংসদ। তবে তাঁর বিদেশ যাত্রার উপর রয়েছে কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা। রক্ষাকবচের শর্তেই বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না তিনি।
তাই গতকাল অর্থাৎ মঙ্গলবার বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়েছিলেন, চিকিৎসার জন্য এক সপ্তাহের জন্য যেতে চাইছেন তিনি। তাই দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। কিন্তু সেই আর্জি ফেরাল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন। আদালত জানান, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। দ্রুত শুনানি হবে না।
