shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন

একদিকে দল ভেঙে চুরমার, তারপর তদন্তকারী সংস্থার সাঁড়াশি আক্রমণে অভিষেক জেরবার।
Published By: Tiyasha SarkarPosted: 11:32 AM Jun 05, 2026Updated: 01:31 PM Jun 05, 2026

সই কাণ্ডে এখনই স্বস্তি পাচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস।

Advertisement

সই কাণ্ডের সূত্রপাত ভোটের ফল ঘোষণার পর। গত ৬ মে বিধায়কদের নিয়ে কালীঘাটে তৃণমূলনেত্রী বৈঠক করেন। তাতে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) নাম প্রস্তাব করা হয়। ওইদিন যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলে হাত তুলে শোভনদেবকে সমর্থন জানান। কিন্তু বিধানসভায় এই সংক্রান্ত যে প্রস্তাবনা জমা দিতে হয়, তা দেয়নি তৃণমূল। এরপর ১৩ ও ১৪ মে বিধানসভায় তৃণমূল বিধায়কদের শপথগ্রহণ হয়। শপথের পর নিয়ম মেনে সই করেন বিধায়করা। বিরোধী দল হিসেবে তৃণমূলের কাছ থেকে বিরোধী দলনেতার নাম নিয়ে প্রস্তাবপত্র চান বিধানসভার সচিব। তা জমা দিতে ১৯ মে ফের কালীঘাটের বৈঠক ডাকা হয় বিধায়কদের। ওইদিন কেউ ছিলেন, কেউ ছিলেন না। উপস্থিত সকলের সই নেওয়া হয় দলের তরফে। মিলিয়ে দেখা হয় ক’জন গরহাজির। পরে দলের প্রস্তাবিত বিরোধী দলনেতার নামে সমর্থন জানিয়ে ৭০ জনের সই করা একটি কাগজ জমা দেওয়া হয় বিধানসভায়। তৃণমূলের তরফে জানানো হয়, ওটাই বিরোধী দলনেতার প্রস্তাবনাপত্র। আর এখানেই গরমিল শুরু। দুই জায়গায় তৃণমূল বিধায়কদের সই না মেলায় জালিয়াতি সন্দেহ হয় সচিবের। তিনি থানায় এফআইআর করেন। তদন্তভার পেয়ে কাজ শুরু করে সিআইডি। এই সই জাল কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিআইডি। কিন্তু অসুস্থকার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। চিঠি পাঠিয়ে ১৫ দিন সময়ও চান।

এরপরই গত বুধবার সিআইডি নোটিস চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিআইডি যাতে এই তদন্তে তাঁকে গ্রেপ্তার না করে, সেই রক্ষাকবচ চেয়ে আবেদন জানানো হয়। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। এদিকে হাজিরা না দেওয়ার পরই সিআইডির তরফে ফের নোটিস দেওয়া হয় অভিষেককে। পরবর্তীতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডিও নোটিস ধরিয়েছে তাঁকে। একদিকে দল ভেঙে চুরমার, তারপর তদন্তকারী সংস্থার সাঁড়াশি আক্রমণে অভিষেক যে জেরবার, তা বলার অপেক্ষা রাখে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement