জমি জটের কারণে আটকে রয়েছে নোয়াপাড়া-বারাকপুর মেট্রো সম্প্রসারণের কাজ। মূলত এই রুটে কলকাতা পুরনিগমের একাধিক জলের পাইপলাইন রয়েছে। এর ফলে মেট্রো সম্প্রসারণের কাজ থমকে রয়েছে। এই পাইপলাইনগুলিকে কোনওভাবে ক্ষতি না করে কীভাবে প্রকল্পের কাজ করা যায় তা খতিয়ে দেখতে আইআইটি খড়গপুরকে দিয়ে সার্ভে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, পলতা থেকে টালা পর্যন্ত বিটি রোড জুড়ে মাটির তলায় ৬টি পানীয় জলের পাইপলাইন রয়েছে। এগুলি কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগের পাইপলাইন। ৪২ ইঞ্চি, ৬৪ ইঞ্চি, ৪৮ ইঞ্চি, ৭২ ইঞ্চি, ৬২ ইঞ্চি ও ৬০ ইঞ্চির পাইপলাইন মাটি থেকে যথাক্রমে ২.৭২৫ মিটার, ১.৯৬ ফুট, ১.৬৫ মিটার, ২.৫৪৩ মিটার, ১.৯৬ মিটার ও ২.১৩৬ মিটার নিচে অবস্থান করছে। এছাড়াও বেশ কয়েকটি নিকাশি পাইপ ও ইলেকট্রিক লাইনের পাইপ রয়েছে। এগুলির ক্ষতি না করে কীভাবে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ করা সম্ভব তা-ই সার্ভে করে দেখবে খড়গপুর আইআইটি। তারা গ্রিন সিগনাল দিলেই শুরু হবে সম্প্রসারণের কাজ।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানান, "বিটি রোডে যে জলের পাইপ আছে, সেই পাইপকে রেখেই কোন পদ্ধতিতে মেট্রোর কাজ হবে সে বিষয়ে আইআইটি খড়গপুরের সমীক্ষা করছে। তারা সবুজ সংকেত দিলেই মেট্রো প্রকল্পের কাজ শুরুর দিকে এগোবে আরভিএনএল। আমরা চাই এক মুহূর্তও যাতে জল বন্ধ না করে কাজ করা যায়।"
উল্লেখ্য, প্রায় ১৩ কিলোমিটার বিস্তৃত এই মেট্রো পথে মোট ১০টি স্টেশন থাকবে। প্রস্তাবিত এই রুটটি বরানগর মেট্রো স্টেশন থেকে ডানলপ মোড়ে ইন্টারচেঞ্জ হবে। তারপর কামারহাটি, আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর এবং সবশেষে বারাকপুরে গিয়ে শেষ হবে।
