সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোটস নিতে অধ্যাপকের কাছে গিয়েছিলেন তৃতীয় বর্ষের এক ছাত্রী৷ কিন্তু, তারপর যা ঘটল, তারজন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি৷ ওই ছাত্রীর দাবি, মাদক মেশানো খাবার খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা করে ওই অধ্যাপক৷ কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি৷ ওই তরুণীকে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগ৷ শেষে আর থাকতে না পেরে হাওড়ার ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা৷ অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[‘বাধ্য হয়েই সিদ্ধান্ত’, যাদবপুরে পড়ুয়াদের মুখোমুখি হয়ে জানালেন উপাচার্য]
অভিযুক্তের নাম শিবশংকর চট্টোপাধ্যায়৷ হাওড়ার শোভারানি মেমোরিয়াল কলেজের বাংলার অধ্যাপক৷ ব্যাঁটরার চ্যাটার্জিপাড়ায় ওই অধ্যাপকের কাছে প্রাইভেট টিউশন পড়তেন ওই তরুণী৷ তিনি স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্রী৷ তাঁর দাবি, মাস খানেক আগে একদিন নোটস দেওয়ার জন্য ডেকে পাঠায় শিবশংকর৷ কিন্তু, ওই অধ্যাপকের বাড়িতে তিনি গিয়ে দেখেন, আর কোনও পড়ুয়া সেখানে নেই৷ প্রথমে বেশ কিছুক্ষণ ছাত্রীর সঙ্গে নানা বিষয়ে কথা বলে অভিযুক্ত অধ্যাপক৷ এরপর ওই তরুণীকে খাবার দেওয়া হয়৷ নির্যাতিতার অভিযোগ, খাবারে মাদক মেশানো ছিল৷ খাওয়ার পর কিছুটা বেসামাল হয়ে পড়েন তিনি৷ সেই সুযোগে তাঁকে ধর্ষণের চেষ্টা করে বাংলার অধ্যাপক৷ ওই তরুণীর দাবি, বেসামাল হলেও, ঘটনার সময় হুঁশ ছিল তাঁর৷ বিপদ বুঝে কোনওমতে পালান৷ কিন্তু, তাতেও রেহাই মেলেনি৷ থানায় অভিযাগ করলে বা কাউকে জানালে বদনাম করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ৷
এদিকে মেয়ে টিউশন পড়তে না যাওয়ায় সন্দেহ হয় পরিবারের লোকেরা৷ চেপে ধরতেই বাড়ির লোককে গোটা ঘটনা জানান ওই তরুণী৷ গত বৃহস্পতিবার ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযুক্ত অধ্যাপক শিবশংকর চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ৷ কিন্তু তাঁদের সহকর্মী যে এমন কাণ্ড ঘটাতে পারে, তা মানতে পারছেন না হাওড়ার শোভারানি মেমোরিয়াল কলেজের অন্য অধ্যাপকরা৷ তাঁদের দাবি, বাংলার অধ্যাপক শিবশংকর চট্টোপাধ্যায় অত্যন্ত সজ্জন মানুষ৷ ছাত্রীদের সঙ্গে তার আচরণ নিয়ে কখনও কোনও অভিযোগ ওঠেনি৷ গ্রেপ্তারির পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে অভিযুক্ত৷ হাসপাতালে ভরতি ওই অধ্যাপক৷
ছবি: সন্দীপ মজুমদার
[এবার বাড়িতে বসেই থানায় অভিযোগ দায়ের, নয়া অ্যাপ চালু করল কলকাতা পুলিশ]
The post ফাঁকা বাড়িতে ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার বাংলার অধ্যাপক appeared first on Sangbad Pratidin.
