shono
Advertisement
RG Kar Case

অভয়ার বাবা-মায়ের দাবিতে সায়, আর জি করের তদন্তকারী অফিসার বদল

আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। ওইদিন ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারেন তদন্তকারীরা।
Published By: Sayani SenPosted: 05:34 PM Jul 30, 2026Updated: 06:18 PM Jul 30, 2026

আর জি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার (RG Kar Case) তদন্তকারী আধিকারিক বদল। অভয়ার বাবা-মায়ের দাবি মেনে অবশেষে সীমা পাহুজাকে বদলের সিদ্ধান্ত। তাঁর বদলে সন্দীপনী গর্গকে দায়িত্ব দেওয়া হয়েছে। সীমার বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করা অভিযোগ ওঠে। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে এই ঘটনার তদন্তের ১২ নম্বরের স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ে। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে গঠিত সিট তদন্ত শুরু করেছে বলে জানান সিবিআইয়ের আইনজীবী পার্থসারথী দত্ত। আগের যাঁরা ছিলেন তাঁরা তদন্ত করতে পারেননি বলেই অভিযোগ অভয়ার বাবা-মায়ের আইনজীবী অমর্ত্য দে এবং রাজদীপ হালদারের। তাঁরা জানান, নতুন সিট কী তদন্ত করে তা দেখতে হবে।

Advertisement

গত ২০২৪ সালের ৮ আগস্ট, আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফট করতে যান। ওই রাতেই সব শেষ। সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে পাকড়াও করেনি। শেষমেশ শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে এই তদন্তে সন্তুষ্ট নন অভয়ার বাবা-মা। তাঁদের দাবি, এই ঘটনায় আরও অনেকেই জড়িত যারা এখনও তদন্তের আড়ালে রয়ে গিয়েছে।

বাংলায় ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের নতুন করে আর জি কর ফাইলস খোলেন। এরপরেই তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রী তাঁদের মেসেজে কিংবা ফোনে কোনও নির্দেশিকা জারি করেছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেইমতো নতুন সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত। আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওইদিন ফের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement