shono
Advertisement
Tulu Mandal

মিনারের বাড়িতে দুবাই-সুইজারল্যান্ডের সোনা! বিদেশে গা ঢাকা টুলুর?

মিনারের বাড়ি থেকে বাজেয়াপ্ত বেশ কয়েকটি সোনার গায়ে ব্ল্যাকটেপ লাগানো থাকায় বাড়ছে পাচারের সন্দেহ।
Published By: Sayani SenPosted: 07:03 PM Jul 30, 2026Updated: 07:16 PM Jul 30, 2026

বিপদ যে আসতে চলেছে, তা সম্ভবত আগেই টের পেয়ে গিয়েছিলেন বীরভূমের 'পাথরসম্রাট' টুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডল। সে কারণে ভগ্নিপতি মিনার শেখের উপর টাকাপয়সা, গয়নাগাটি দেখভালের দায়িত্ব দিয়ে গা ঢাকা দেন তিনি। মনে করা হচ্ছে, দেশে নয়। তিনি গা ঢাকা দিয়েছেন বিদেশে। সে সংক্রান্ত তথ্যের খোঁজে ধৃত মিনারকে ৮ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

প্রায় ১৯ ঘণ্টা তল্লাশি চালানো হয় মিনার শেখের বাড়িতে। তদন্তকারীরা আলমারি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনার গয়না বাজেয়াপ্ত করেন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিউড়ি আদালত তাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, টুলুর ভগ্নিপতি মিনারের বাড়ি থেকে যা উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়ামাত্র। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা সম্ভবত দুবাই কিংবা সুইজারল্যান্ড থেকে সিউড়িতে আনা হতে পারে। এই সোনা পাচারের হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। বেশ কয়েকটি সোনার গয়নার গায়ে ব্ল্যাকটেপ লাগানো রয়েছে, তা দেখে সন্দেহ আরও জোরাল হচ্ছে বলেই জানান সরকারি আইনজীবী। তাঁর অনুমান, টুলু মণ্ডল দেশ ছেড়ে চলে যেতে পারেন। গত ২৩ মে-র পর থেকে তাঁর আরও কোনও খোঁজখবর পাওয়া যায়নি। কোথায় গিয়েছেন, কেউ জানেন না। মিনারকে জেরা করে কোনও তথ্য পাওয়া যায় কিনা, সেটাই এখন দেখার।

তৃণমূল আমলে একবার টুলুর সিউড়ির বাড়িতে ইডির হানা দেয়। কিন্তু বিশেষ কিছুই উদ্ধার হয়নি। ২০২২ সালে একটি খুন, হুমকি, অস্ত্র প্রদর্শনের মামলায় তাকে গ্রেপ্তারও করে মহম্মদবাজার থানার পুলিশ। যদিও এই গ্রেপ্তারি আসলে টুলুকে ইডি বা সিবিআই হেফাজতে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য করা হয় বলেই জানা গিয়েছিল। যে কারণে খুনের অভিযোগ সত্ত্বেও মাসখানেকের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। টুলু মণ্ডলের নিজের নামে এবং স্ত্রী, ছেলে ও মেয়ের নামে দুবাইয়ে একগুচ্ছ সম্পত্তি আছে বলেও জানা যায়। তবে পালাবদলের পরেই টুলুর ব্যবসা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে টুলু যে বেশ বিপাকে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। টুলুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হতে পারে বলেও খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement