পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন হরিদেবপুরের অজেয় সংহতির পুজো প্রস্তুতি৷
সরোজ দরবার: হরেক রকম লোহার জিনিস৷ স্পোক সমেত সাইকেলের রিং থেকে বেলচার মাথা৷ সিমেন্ট-বালি মেশানোর লোহার কড়াই থেকে ছোট ছোট নাট-বল্টু৷ এত লোহা কেন? অজেয় সংহতির মণ্ডপে ঢুকতেই চোখ আটকাবে এই সব জিনিসে৷ এ প্রশ্ন উঠে আসা তাই সঙ্গত৷ আসলে এই এতশত শক্ত লোহার উপকরণেই লুকিয়ে আছে তাদের এবারের থিম ভাবনা৷
[ পুজোয় এবার একটুকরো রঙিন রাজস্থানের সফর করাবে বেহালা নূতন সংঘ ]
[ ভাগ্যচক্রের গোলকধাঁধা থেকে মুক্তির পথ কী? পুজোয় বাতলে দেবে দর্জিপাড়া সার্বজনীন ]
কোন থিমে দর্শক টানতে তৈরি দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় পুজো? লোহা মানেই কাঠিন্য৷ যেন এক অনমনীয় জেদের প্রতীক৷ তাকে সহজে পরাস্ত করা যায় না৷ করা যায় যদি জ্বালানো হয় আগুন৷ কিন্তু তা না করে এই লোহার দুনিয়াকে কী অন্যভাবে বদলে ফেলা যায় না? তা যে করা যায়, তাই-ই করে দেখাচ্ছে অজেয় সংহতি৷ এবার পুজোয় তাদের থিম ভাবনা ‘শক্তিরূপেণ’৷ পুরো পরিকল্পনা শিল্পী বিমল সামন্তর৷ এই লোহার কাঠিন্যকেই তিনি বদলে ফেলছেন শিল্পে৷ হ্যাঁ, লোহার সামগ্রীর চেনা আকৃতি না বদলেই৷ এর নেপথ্যে অবশ্য বিশেষ ভাবনাও আছে৷ শিল্পী জানালেন সে ভাবনার কথা৷ দেবী দুর্গার অসুর দমন আসলে অশুভ শক্তির বিনাশ৷ কিন্তু আজও তো সে শক্তি আমাদের সমাজে রয়ে গিয়েছে৷ তার দমন কীভাবে? না হিংসা তার সমাধান নয়, মত শিল্পীর৷ বরং গান্ধীগিরিতেই সমাজের এই অশুভ বোধকে বদলে ফেলা যায়৷ ঠিক যেভাবে লোহাকে না গলিয়ে, তার সহজাত কাঠিন্য বজায় রেখেই তাকে বদলে ফেলা যায় শিল্পে৷ এভাবেই তাঁর ভাবনার মিশেছে শিল্পিত বাস্তবে৷ মণ্ডপের মাথায় সাইকেলের রিংই তাই তৈরি করছে ছাদ৷ প্রায় ফেলে দেওয়া সাইকেলের চাকা যে এমন সুন্দর কাজে লাগতে পারে কে জানত! অন্যদিকে লোহার নানা উপকরণ পাশাপাশি এসে তৈরি করেছে এক একটি শিল্পিত বস্তু৷ কড়াই বা বেলচা কখনও বদলে গিয়েছে মুখোশে৷ পুরো মণ্ডপেই আছে লোহার কাঠিন্য৷ কিন্তু কোথাও তা আঘাত করে না৷ কাঠিন্য যেন বদলে গিয়েছে শিল্পে৷ এভাবেই অশুভ শক্তিকে পরাস্ত করার বার্তা শিল্পীর৷
এই থিমের সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিমা গড়ছেন প্রতিমাশিল্পী সিদ্ধার্থ পাল৷ আলোর কাজে মণ্ডপ সাজিয়ে তুলবেন প্রেমেন্দু বিকাশ চাকি৷ আবহ সৃজনে অভিষেক বসু৷ গতবছর শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মাটির ডাকে সাড়া দিয়েছিল হরিদেবপুরের অজেয় সংহতি।এবার এই লোহার শক্তি কীভাবে শিল্পের রূপ পেতে পারে, তা তুলে ধরেই দর্শককে মুগ্ধ করতে তৈরি এই পুজো কমিটি৷
দেখুন প্রস্তুতির ভিডিও:
The post লোহার কাঠিন্যকে শিল্পে বদলে এবার পুজোয় চমক অজেয় সংহতির appeared first on Sangbad Pratidin.
