রাষ্ট্রদ্রোহিতার দায়ে বাংলাদেশি জেএমবি জঙ্গি বোমারু মিজানের কারাদণ্ড দিল আদালত। খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের মূল অভিযুক্ত বোমারু মিজান আলিপুর জেল থেকে পালানোর ছক কষেছিল। এই ব্যাপারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ইউএপিএ ধারা রুজু করে। বৃহস্পতিবার এই মামলায় জামাত উল মুজাহিদিন (বাংলাদেশ) বা জেএমবির জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান ওরফে কওসরকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় ওই সাজা ঘোষণা করেন।
বোমারু মিজান।
এদিন, আদালতের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর কুণ্ডু জানান, আলিপুর জেলে থাকার সময় সঙ্গীদের সাহায্যে পালানোর ছক কষে বোমারু মিজান। জেল থেকে আদালতে যাওয়ার পথে পুলিশের উপর পেট্রোল বোমা ছুড়ে মিজানকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ছক কষা হয়। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি এই ব্যাপারে কলকাতা পুলিশের এসটিএফ মামলা দায়ের করে। এই অভিযোগে এসটিএফ দশজনকে গ্রেপ্তার করে।
ইউএপিএ, ষড়যন্ত্র, রাষ্ট্রদ্রোহিতা, বিস্ফোরক ব্যবহার, অনুপ্রবেশের ধারা প্রয়োগ করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। এই মামলায় আগেই ৬ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছিল। বুধবার আদালতে দোষ স্বীকার করে বোমারু মিজান। এদিন তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে আদালত।
