shono
Advertisement
Kolkata Metro

একদিনে দু'বার! মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যস্ত সময়ে ব্যাহত পরিষেবা

শনিবার সকালে ও দুপুরে আপ-ডাউন লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। পরিষেবা মিলছে কতদূর? জেনে নিন।
Published By: Sucheta SenguptaPosted: 03:38 PM Jun 27, 2026Updated: 04:38 PM Jun 27, 2026

একইদিনে দু'বার মেট্রো বিভ্রাট শহর কলকাতায়। শনিবার সাতসকালে আত্মহত্যার চেষ্টা ঘিরে মেট্রো চলাচল ব্যাহত হয়। তা ঠিক হতে না হতে আবার ভরদুপুরেও একই বিপত্তি ঘটে ব্লু লাইনের মেট্রোয়। তার জেরে আবারও পরিষেবা ব্যাহত হয়েছে। তবে দু'টি ঘটনাতেই আত্মঘাতী হতে যাওয়া দু'জনকে তৎপরতার সঙ্গে রক্ষা করেছেন মেট্রোর নিরাপত্তারক্ষীরা। শেষ খবর পাওয়া অনুযায়ী, এই মুহূর্তে ব্লু লাইনে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক আপ ও ডাউন লাইনে কোনও মেট্রো পরিষেবা নেই। ফলে চরম দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।

Advertisement

শনিবার সকাল ৭টা ২০ নাগাদ ব্লু লাইনের আপে কালীঘাটে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। মেট্রোর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও বেশ কিছুক্ষণের ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। মাঝে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত কোনও মেট্রো পাওয়া যাচ্ছিল না। পরে অবশ্য সমস্যা মিটে যায়।

এরপর দুপুর ৩টে ৭ নাগাদ বেলগাছিয়াতেও একই ঘটনা ঘটে। ডাউন অর্থাৎ শহিদ ক্ষুদিরামগামী এক মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। তাঁকে লাইন থেকে উদ্ধার করা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে তার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। যদিও শনিবার ছুটির দিন হওয়ায় দুপুরে ততটা ভিড় ছিল না। কিন্তু মেট্রো আংশিক বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন অনেকেই। কলকাতা মেট্রো সূত্রে খবর, দ্রুত লাইন ঠিক করে গোটা ব্লু লাইনে পরিষেবা চালুর চেষ্টা করা হয়। বিকেল ৪টে নাগাদ পুরো পরিষেবা স্বাভাবিক হয়েছে। তবে একইদিনে  দু-দু'বার ব্লু লাইনের মেট্রোয় আত্মহত্যার চেষ্টায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement