বিধানসভার গেটের সামনে হঠাৎ মুখোমুখি মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায় (Tapas Roy) ও বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানেই তাপসের সঙ্গে কুণালকে হালকা মেজাজে কথা বলতে দেখা যায়। তাপসের বাড়িতে গিয়ে লুচি ও পটল ভাজা খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তৃণমূল বিধায়ক। কুণাল জানান, তাপসকে ভালো বলার জন্য তাঁকে সাসপেন্ড করেছিল তৃণমূল। যাঁর কথায় সাসপেন্ড হতে হয়েছিল তাঁরা আজ দলের পাশে নেই। আর তিনি নিজের এখনও দলের জন্য় লড়াই করে চলেছেন।
এদিন বিধানসভায় তাপসের উদ্দেশে কুণাল বলেন, "বউদিকে বলো, লুচি আর পটল ভাজাটা পাওনা রইল। যে কোনও দিন বাড়ি গিয়ে খাব। তোমার সঙ্গে আমার সম্পর্ক মানুষকে বোঝানো শক্ত। এর সঙ্গে সবসময় রাজনীতি মেলালে হবে না। আমি একবার ওঁকে (তাপস রায়) ভালো বলেছিলাম বলে দল আমাকে সাসপেন্ড করে দিয়েছিল। যাঁদের কথায় সাসপেন্ড করেছিল তাঁরা অন্য জায়গায় নেচে বেড়াচ্ছেন, আর আমি পার্টির জন্য লড়ছি।"
আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে পুলিশের অনুমতি না দেওয়ার ঘটনা প্রসঙ্গে তাপস রায়ের কাছে অভিযোগ করেন কুণাল। তাঁর দাবি, ধর্না মঞ্চে সমর্থকদের ভিড় উপচে পড়ছে। একটা মঞ্চ করার অনুমতি দিলে ভালোভাবে কর্মসূচি করতে পারত তৃণমূল কংগ্রেস। সেই সময় পালটা তাপস জানান, বিজেপিকে ১০৪ বার মিটিং, মিছিল বা কোনও কর্মসূচি করার জন্য হাই কোর্টে যেতে হয়েছে। এরপরই মেজাজ হালকা করে কুণাল তাপসের বাড়িতে গিয়ে লুচি খাওয়ার আবদার জানান।
