shono
Advertisement
Sealdah

সুরেন্দ্রনাথ কলেজে ২ ট্রলি ভর্তি টাকা উদ্ধার, ইউনিয়ন রুমে উঁইয়ে খেল 'যকের ধন'

অভিযোগ, এই টাকা দুর্নীতির টাকা। বাক্সবন্দি করে ইউনিয়ন রুমের আলমারিতে রাখা হয়েছিল। আজ, মঙ্গলবার তা উদ্ধার করা হয়।
Published By: Jaba SenPosted: 06:47 PM Jun 02, 2026Updated: 07:40 PM Jun 02, 2026

কলকাতার শিয়ালদহ অঞ্চলের সুরেন্দ্রনাথ কলেজ থেকে উদ্ধার করা হল দুই ব্যাগ ভর্তি প্রায় লক্ষাধিক টাকা। এই ব্যাগ ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গিয়েছে। ব্যাগ খুলতেই দেখা যায়, টাকাগুলি উঁই পোকায় খেয়েছে। অভিযোগ, এই টাকা দুর্নীতির টাকা। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পড়ুয়াদের ভর্তি করা হয় কলেজে। সেই টাকাই বাক্সবন্দি করে ইউনিয়ন রুমের আলমারিতে রাখা হয়েছিল। আজ, মঙ্গলবার তা উদ্ধার করা হয়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষের প্রশ্ন, কত টাকা থাকলে উঁই পোকায় খেতে পারে?

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার পরিষ্কার করার জন্য ইউনিয়ন রুম খোলা হয়েছিল। সেই সময় ঘরের আলমারি থেকে দুটি বাক্স উদ্ধার করা হয়। বাক্স খুলতেই দেখা যায়, ভিতরে ১০০ ও ৫০০ টাকার বান্ডিল রয়েছে। এই টাকার বেশিরভাগই উঁই পোকায় খেয়েছে। এই কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। এই টাকা সেই দুর্নীতির বলে অভিযোগ করা হচ্ছে। এর পাশাপাশি কলেজের প্রফেসর, শিক্ষাকর্মীদের উপর গুন্ডামি, তাঁদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুম থেকে উঁই পোকায় খাওয়া ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন ইউনিয়ন রুমের পাশেই দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার-ব্যানার।  

কলেজে টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, "পার্থ চট্টোপাধ্যায় বাড়ি, কাউন্সিলরের পাটক্ষেত থেকে টাকা উদ্ধারের পর এবার কলেজের ইউনিয়ন রুমের আলমারির ভিতর থেকে টাকা উদ্ধার হল। সেই টাকা আবার উঁই পোকায় খাওয়া। কত টাকা থাকলে উঁইতে টাকা খায়? সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন ফান্ডে দেড় কোটি টাকা রয়েছে বলে আগেই জানিয়েছিলাম। এই সব টাকা গরিবের। ছেলে মেয়েদের ভর্তির টাকা। কোটি কোটি টাকার বিনিময়ে এই সব কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তি করানো হয়েছে।" এই দুর্নীতির সঙ্গে তৃণমূলের সব স্তরের মানুষ জড়িত বলেও অভিযোগ করেন সজল। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক দুর্নীতির খবর সামনে আসছে। সম্প্রতি বাদুড়িয়ার তৃণমূল পুরপ্রধানের পাট ক্ষেত থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে হইচই পড়ে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এবার কলেজের ইউনিয়ন রুমের ভিতর থেকে উঁই পোকায় খাওয়া টাকা লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা ঘটল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement