shono
Advertisement

Breaking News

lalbazar

মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে 'না'! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের

নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও দেওয়া যাবে না। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর।
Published By: Jaba SenPosted: 11:45 PM Jun 23, 2026Updated: 11:45 PM Jun 23, 2026

মহরমের দিন কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। শোভাযাত্রা থেকে বাজানো যাবে না ডিজে।তৈরি করা যাবে না খুব উঁচু তাজিয়া। নতুন কোনও শোভাযাত্রার অনুমতিও দেওয়া যাবে না। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে দিতে হবে নজর। মঙ্গলবার প্রত্যেক থানাকে এমনই নির্দেশ দিল লালবাজার।

Advertisement

আগামী শুক্রবার কলকাতা-সহ সারা রাজ‌্যজুড়ে পালিত হবে মহরম। এদিন প্রত্যেক থানার আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট থানার ডিসি পদমর্যাদার আধিকারিকরা বৈঠক করেন। লালবাজারের নির্দেশ থানাগুলিকে জানানো হয়। লালবাজারের সূত্র জানিয়েছে, মহরমে নতুন কোনও শোভাযাত্রা করা যাবে না। বহু বছর ধরে যে শোভাযাত্রাগুলি বের হয়, সেগুলিকেই শুধু অনুমতি দেওয়া হবে। কোনও শোভাযাত্রায় কোনও ধরনের অস্ত্র প্রদর্শন করা যাবে না। পুলিশের নির্দেশ, কোনও শোভাযাত্রায় তাজিয়ার উচ্চতা যেন অতিরিক্ত না হয়। রাস্তায় কেবল বা বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা যেন তৈরি না হয়।

এছাড়াও লালবাজারের নির্দেশ, কোনও শোভাযাত্রায় ডিজে বাজানো যাবে না। শোভাযাত্রা থেকে মাইক বাজলেও তা যেন হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বাজানো হয়। শব্দ দূষণ যাতে না হয়, সেদিকে নজর রাখতে হবে। মিছিল থেকে সংবেদনশীল কোনও বার্তা না দেওয়াই বাঞ্ছনীয়। এই বিষয়গুলির উপর থানার আধিকারিকদের নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়াও যাঁরা শোভাযাত্রা বের করবেন, তাঁদের সঙ্গে থানার আধিকারিকদের বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে লালবাজার। যে রাস্তাগুলি দিয়ে শোভাযাত্রা বের হবে, সেই রাস্তাগুলিতে সব জায়গায় পুলিশ থাকবে। সম্প্রীতি যাতে বজায় থাকে, সেদিকে বিশেষ নজর থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement