সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার থেকে প্রাথমিক স্তরেই পাঠ্যক্রমে থাকবে গান্ধীজির জীবনী৷ চতুর্থ ও পঞ্চম শ্রেণির ইংরাজি ও পরিবেশবিদ্যায় পড়ানো হবে তাঁর জীবনী ও দেশের স্বাধীনতা আন্দোলনে অবদানের কথা৷ রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে এই পাঠ্যক্রম৷
[এবার ছোটদের গণতন্ত্রের পাঠ, সিলেবাসে ঢুকছে ‘ভোটাধিকার’]
চলতি বছর মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ৷ কীভাবে গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ পালন করা হবে, তা নিয়ে আলোচনায় মন্ত্রিসভার বৈঠক হয় নবান্নে৷ একটি কমিটিও গঠন করা হয়েছে৷ ওই কমিটিতে রয়েছেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী ও স্কুলশিক্ষা দপ্তরের সদস্যরা৷ উল্লেখ্য, এর আগে বিবেকানন্দ ও ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ পালনের জন্যও কমিটি গঠন করেছিল রাজ্য সরকার৷ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২ অক্টোবর রাজ্যের বিভিন্ন প্রান্তে গান্ধীজির জন্ম সার্ধশতবর্ষ পালন করা হবে৷ বিভিন্ন স্কুল ও কলেজেও স্মরণ করা হবে জাতির জনককে৷
[এবার সিলেবাসে জায়গা পাচ্ছে লোকসঙ্গীত ঝুমুর, চালু হচ্ছে ডিপ্লোমা কোর্স]
এছাড়াও ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিকের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মহাত্মার জীবনী৷ চতুর্থ ও পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পড়তে হবে মহাত্মা গান্ধীর জীবনী ও স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদানের কথা৷ ইংরাজি ও পরিবেশবিদ্যাতেই আপাতত গান্ধীজিকে নিয়ে পড়ানো হবে৷ রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা৷ শিক্ষকমহলের বক্তব্য, রাজ্যের ছোট ছোট পড়ুয়াদের গান্ধীজি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন৷
[জরুরি অবস্থার ইতিবৃত্ত এবার সিলেবাসেও, ইঙ্গিত প্রকাশ জাভড়েকরের]
এর আগে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মহাত্মা গান্ধীর জীবনী পড়ানো হত৷ কিন্তু এই প্রথম প্রাথমিক স্তরে গান্ধীজিকে নিয়ে পড়ানোর সিদ্ধান্ত রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের৷
The post এবার থেকে প্রাথমিক স্তরের সিলেবাসে গান্ধীজি, সিদ্ধান্ত রাজ্য স্কুলশিক্ষা দপ্তরের appeared first on Sangbad Pratidin.
