আজ, রবিবার আন্তর্জাতিক নারীদিবস। নারীদিবসের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আরও একবার বিঁধেছেন। এদিন তিনি লিখেছেন, "আমরা সবসময় চেষ্টা করি এভাবেই সর্বস্তরের, সকল মানুষের পাশে থাকতে। আর অন্যদিকে, কেন্দ্র সরকারের কাজ শুধু মানুষকে হয়রান করা।"
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতের হেঁসেলেও এসে পড়েছে। গার্হস্থ্য ও বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারপিছু দাম এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। আগামী দিনে কি পেট্রোল, ডিজেলের দামও বাড়বে? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লোকসমাজে। এদিকে রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন। এদিন এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, "গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হল, তার প্রভাব পড়বে মানুষের হেঁসেলে। আজ তাই বাংলার মেয়েরা প্রতিবাদে পথে নামবে, তাঁদের পরনে থাকবে প্রতিবাদের কালো শাড়ি।"
এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, "গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হল, তার প্রভাব পড়বে মানুষের হেঁসেলে। আজ তাই বাংলার মেয়েরা প্রতিবাদে পথে নামবে, তাঁদের পরনে থাকবে প্রতিবাদের কালো শাড়ি।"
এদিন তাঁর বার্তায় উঠে এসেছে স্বাধীনতা সংগ্রামী, মনীষীদের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি কুর্নিশ জানাই এই বাংলার মাটিকে – এ মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এ মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এ মাটি কল্পনা দত্ত, বীণা দাশ, সুনীতি চৌধুরীর মাটি, এ মাটি মাদার টেরিজার মাটি।" বাংলার নারীদের পাশে মুখ্যমন্ত্রী। ছাত্রী থেকে যুবতী, বাংলার নারীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত বাংলার নারীরা। এদিন সেই প্রসঙ্গও উত্থাপন করেছেন। তিনি লিখেছেন, "লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪১ লক্ষ। ভাতার পরিমাণও আবার ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে - তপশিলী জাতি ও আদিবাসী পরিবারের মহিলারা এখন মাসে ১৭০০ টাকা এবং অন্যান্যরা মাসে ১৫০০ টাকা করে পাচ্ছেন।"
এছাড়াও মুখ্যমন্ত্রীর কথায়, "স্বাস্থ্যসাথী প্রকল্পে স্মার্টকার্ডটি পরিবারের মহিলা সদস্যের নামে। প্রায় ২ কোটি ৪২ লক্ষ মহিলা এই কার্ড পেয়েছেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় – সব স্তরেই মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে। ১ কোটি ছাত্রী এখন কন্যাশ্রী। UNESCO তে সেরার শিরোপা পেয়ে ‘কন্যাশ্রী’ বিশ্বজয়ী। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ২৩ লক্ষ মহিলাকে বিবাহের জন্য এককালীন ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সবুজসাথী প্রকল্পে রাজ্যের ছাত্র-ছাত্রীদের ১ কোটি ৪৮ লক্ষ সাইকেল দেওয়া হয়েছে, তার মধ্যে প্রায় ৭৯ লক্ষ মেয়েদের জন্য।"
নারীদের নিরাপত্তার জন্য রাজ্যে শুরু হয়েছে অপরাজিতা বিল। সেই কথাও মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন লিখেছেন, "নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে এর আগেও আমরা অনেক পদক্ষেপ করেছি। ‘অপরাজিতা বিল’ পাশ করা হয়েছে। ৪৯টি মহিলা থানা স্থাপন করা হয়েছে। ২০১১ সালের আগে কোনও মহিলা থানা ছিল না। এছাড়া বিচার ব্যবস্থায় গতি আনতে মহিলাদের জন্য ৫২টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে।"
