ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে 'মেলোডি' চকোলেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা-সকলেই চর্চায় ব্যস্ত। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর প্রশ্ন, দেশবাসীকে বিদেশযাত্রা এড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নিজে কেন বিদেশে সফর করছেন?
মোদির এবং মেলোনির সুসম্পর্ক ওয়াকিবহল মহলে চর্চার বিষয়। ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিকবার সেলফিতে ধরা দিয়েছেন মোদি। তাঁদের এই ফ্রেম সমাজমাধ্যমে ‘মেলোডি’ নামে পরিচিত। সম্প্রতি ইটালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে ভারতের অতিপরিচিত মেলোডি চকোলেটের প্যাকেট তুলে দেন মেলোডির হাতে। সেই ভিডিও হুহু করে ভাইরাল হয়ে যায়। এমনকী মেলোডি চকোলেটের বিক্রি বেড়ে যায়। উর্ধ্বমুখী হয় মেলোডির প্রস্তুতকারক সংস্থা পার্লের শেয়ার মূল্যও।
তবে পার্লের শেয়ারমূল্য বাড়লেও সার্বিকভাবে ভারতের শেয়ার বাজার নিম্নমুখী। এক সপ্তাহে চারবার বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। এই বিষয়গুলিকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আমার প্রশ্নের উত্তর দেবেন? আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তাতে কত ডলার খরচ হচ্ছে? এবং সেখানে গিয়ে আপনি চকোলেট দিচ্ছেন। চকোলেটটা ইটালির রাষ্ট্রপ্রধানকে না দিয়ে আপনি বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকোলেট খায়। অবশ্য এসব জিনিস তো আপনি ভালোবাসেনই। আমরা সবটাই জানি কিন্তু আমরা কোনওদিন এসব পারসোনাল ব্যাপারে যাইনি।"
মেলোডি চকোলেট নিয়ে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তাঁর মতে, "দেশের নাগরিকদের মাথার উপর দিকে অর্থনৈতিক ঝড় বয়ে যাচ্ছে, আর আমাদের প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে লজেন্স বিলি করছেন। কৃষক, যুবসমাজ, মহিলা, শ্রমিক, ছোট ব্যবসায়ী-সকলের চোখেই জল। কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন, হাসিমুখে রিল বানাচ্ছেন। সেই দেখে শুধু বিজেপির লোকজনই হাততালি দিচ্ছে।" এবার মেলোডি নিয়ে মুখ খুললেন মমতাও। একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, ভোট মিটতেই রান্নার গ্যাস-জ্বালানি তেলের দাম বাড়ল কেন?
