সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যেবেলায় অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান বর্তমান মুখ্যমন্ত্রী। মিনিট দশেক সেখানে ছিলেন তিনি।
[‘শান্তি ফেরাতে নিজেদের উৎসর্গ করতে পারি, দার্জিলিংকে নয়’]
রাজ্যে পালাবদলের পর ছয় বছর কেটে গিয়েছে। তবে এখনও বুদ্ধদেব ভট্টাচার্য জমানায় সিঙ্গুরে জমিগ্রহণের প্রতিবাদে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন অনেকেই স্মৃতিতেই টাটকা। সিঙ্গুর কৃষক জমি ফেরতের দাবিতে ২৬ দিন অনশন করেছিলেন মমতা। এই আন্দোলনকে ঘিরে মুখ্যমন্ত্রী ও বিরোধী নেত্রীর তিক্ততা এমন জায়গায় পৌঁছেছিল, যে শেষপর্যন্ত শাসক ও বিরোধীদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে আসরে নামতে হয়েছিল তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে। তবে সেসব এখন অতীত। রাজনীতি উর্ধ্বে উঠে সৌজন্যেরই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এলেন তিনি।
[পাহাড় থেকে আচমকা তুলে নেওয়া হল কেন্দ্রীয় বাহিনী, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]
গত শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য সিপিএম সদর দপ্তরের আচমকাই অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আলিমুদ্দিনেই অক্সিজেন সিলিন্ডার এনে তাঁর চিকিৎসা করা হয়। খবর পেয়ে রাতেই ফোনে বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে চলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে। জানা গিয়েছে, সন্ধ্যা সাত নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় মিনিট দশেক ছিলেন তিনি। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। কথা বলেন বাড়ির লোকেদের সঙ্গে।
[পুড়ে ছাই গুরুং ঘনিষ্ঠদের বাড়ি, নিশানায় মোর্চা সুপ্রিমোর খাসতালুক]
তবে এবারই প্রথম নয়। ক্ষমতা আসার পর বরাবরই বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য বজায় রেখে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে অধিবেশন হইহট্টগোলে জেরে বিধানসভাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন কংগ্রেস বিধায়ক ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। হাসপাতালে ভরতি করাতে হয় তাঁকে। পেসমেকার বসে। সেই সময় আব্দুল মান্নানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালে শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাম নেতাদের কুশল বিনিময়ের ছবি বুঝিয়ে দিয়েছিল বৈরিতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধার জায়গা অটুট।
[জঙ্গিপুরে মহাকাল ভৈরবের সঙ্গে পূজা পান ৫০০ দেবদেবী]
The post সৌজন্যের রাজনীতি, অসুস্থ বুদ্ধদেবকে দেখতে তাঁর বাড়িতে মমতা appeared first on Sangbad Pratidin.
