যাত্রী স্বার্থে ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হয়েছে মেট্রোর সময়সীমা। নতুন নিয়োগ না করে পরিষেবা বাড়াতে গিয়ে আদতে যাত্রীদের নতুন সমস্যায় ফেলেছে মেট্রো কর্তৃপক্ষ! কারণ, মেট্রো চললেও এখন রাত ৯ টা বেজে ২৫ মিনিটে বন্ধ করে দেওয়া হচ্ছে টিকিট কাউন্টার। ফলে প্রবল ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। ভেন্ডিং মেশিন ও অনলাইনে টিকিট কাটতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে।
বিষয়টা ঠিক কী? এতদিন দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো পরিষেবা চালু হত সকাল ৬ টা বেজে ৫০ মিনিটে। সম্প্রতি গ্রিন ও ব্লু লাইনে তা এগিয়ে করা হয়েছে ৬ টা। রাতে সময়সীমা বাড়িয়ে করা হয়েছে সাড়ে দশটা। এতে যাত্রীদের সুবিধা হলেও মাথাচাড়া দিয়েছে অন্য সমস্যা। বিষয়টা ঠিক কী? এতদিন শেষ মেট্রো পর্যন্ত খোলা থাকত টিকিট কাউন্টার। পাশাপাশি অপশন হিসেবে থাকত ভেন্ডিং মেশিন, অনলাইন। কিন্তু এখন রাত ৯ টা বেজে ২৫ মিনিটে কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তারপর টিকিট কাটতে হলে ভেন্ডিং মেশিন ও অনলাইন ছাড়া কোনও অপশন নেই। আর এতেই সমস্যায় পড়ছেন যাত্রীরা।
প্রথমত, সকল যাত্রী অনলাইন ও ভেন্ডিং মেশিনে সরগর নন। ভেন্ডিং মেশিনের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল, আপনি যত টাকার টিকিট কাটবেন, ঠিক সেই অ্যামাউন্টই দিতে হবে মেশিনে। কম বা বেশি দিলে হবে না। এখানে খুচরো একটা বড় সমস্যা। সোমবার রাত সাড়ে ৯ টা নাগাদ চাঁদনি চক স্টেশনেই দেখা যায়, কাউন্টার বন্ধ। এদিকে সামনে দীর্ঘ লাইন। অধিকাংশই বুঝে উঠতে পারছেন না কী করবেন। বয়স্করা অন্যের সহযোগিতা চাইছেন। কিন্তু এভাবে কতদিন, মেট্রোর এই সিদ্ধান্ত বদলের দাবি জানাচ্ছে আমজনতা। যদিও এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
