shono
Advertisement
Ration Shops

আর চোখের মণি নয়, আঙুলের ছাপ মিলিয়েই তোলা যাবে রেশন, নিয়ম শিথিল খাদ্যদপ্তরের

গ্রাহকদের চাপ কমাতে দপ্তরের নয়া সিদ্ধান্তে খুশি অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
Published By: Sucheta SenguptaPosted: 05:40 PM Aug 03, 2026Updated: 05:46 PM Aug 03, 2026

চোখের মণি দেখিয়ে বায়োমেট্রিক করাতে হবে। নইলে রেশন মিলবে না। গ্রাহকদের উপর এনিয়ে খাদ্যদপ্তরের চাপ ছিল বলে অভিযোগ উঠছিল বারবার। কিন্তু সোমবার এনিয়ে নিয়ম শিথিল করল খাদ্যদপ্তর। এখন থেকে চোখের মণি নয়, আঙুলের ছাপ মিলিয়েই রেশন তোলা যাবে। এই ঘোষণায় স্বভাবতই খুশি গ্রাহকরা। সেইসঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনও। কারণ, তারাই বারবার খাদ্যদপ্তরের কড়াকড়ির বিরোধিতা করেছিল। খাদ্যমন্ত্রককে এনিয়ে চিঠিও পাঠানো হয়। নিয়ম শিথিল তাদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে।

Advertisement

খাদ্যদপ্তরের তরফে জানানো হয়েছে, রেশন তুলতে গেলে বায়োমেট্রিকে আর আইরিশ বা চোখের মণি মেলানোর প্রয়োজন নেই। আধার কার্ডের ক্ষেত্রে যা যা নিয়ম, সেই নিয়ম মানলেই হবে। অর্থাৎ হাতের আঙুলের ছাপ দিয়েই রেশন তুলতে পারবেন গ্রাহকরা।

বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের মণির ছবি মিলিয়ে রেশন তোলার চল খুব একটা নেই গোটা দেশে। আঙুলের ছাপ মিললেই গ্রাহকরা রেশন সামগ্রী পান। কিন্তু অভিযোগ, খাদ্যদপ্তর বায়োমেট্রিকে চোখের মণি বা আইরিশ মেলানোর বিষয়টি নিয়ে কড়াকড়ি করছিল। এই নিয়ে বারবার আপত্তি তুলেছিল ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু একাধিকবার খাদ্যদপ্তর এমনকি মন্ত্রকেও চিঠি লিখেছিলেন। কারণ হিসেবে আধারে বায়োমেট্রিকের কথা তুলে ধরেছিলেন তিনি। আধারের ক্ষেত্রে চোখের মণি অথবা আঙুলের ছাপ অথবা মুখের ছাপ মেলাতে হয়। তাহলে রেশন তুলতে কেন চোখের মণিতেই এত জোর দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছিলেন বিশ্বম্ভরবাবু।

এবার গ্রাহক সুবিধার্থে তাঁর আবেদন মেনে নিল খাদ্যদপ্তর। জানানো হয়েছে, বায়োমেট্রিকে আর আইরিশ বা চোখের মণি মেলানোর প্রয়োজন নেই। আধার কার্ডের ক্ষেত্রে যা যা নিয়ম, সেই নিয়ম মানলেই হবে। অর্থাৎ হাতের আঙুলের ছাপ দিয়েই রেশন তুলতে পারবেন গ্রাহকরা। এনিয়ে বিশ্বম্ভর বসুর প্রতিক্রিয়া, ‘‘খাদ্যদপ্তর থেকে আপাতত স্বস্তি। দপ্তর থেকে যে হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয়েছে, তাতে পরিষ্কার যে আপাতত আইরিশ নিয়ে প্রশাসনিক কোনও চাপ নেই।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement