সরকারি বিধিতে 'পরিবার'-এর সংজ্ঞায় বিবাহিত এবং বিবাহবিচ্ছিন্ন কন্যাসন্তানরা যুক্ত ছিলেন না। ফলে অনেকক্ষেত্রেই বিষয়টি নিয়ে আইনি টানাপোড়েন তৈরি হত। এবার সেই আইনি জটিলতাও দ্রুত মিটে যাবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সোমবার অর্থ দপ্তরের পেনশন ব্রাঞ্চ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারি কর্মচারীদের 'ডেথ গ্র্যাচুইটি' (Death Gratuity) বা মৃত্যুজনিত আর্থিক সুবিধার নিয়মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। এবার সুবিধা পাবেন বিবাহিত মেয়েও।
সরকারি ওই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে রাজ্যপাল 'ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিট) রুলস, ১৯৭১'-এর ৭ নম্বর নিয়মের নির্দিষ্ট উপধারায় সংশোধন করেছেন। এই সংশোধনের মূল লক্ষ্য হল 'ডেথ গ্র্যাচুইটি'র ক্ষেত্রে প্রাপক হিসাবে 'পরিবার'-এর সংজ্ঞাকে আরও প্রসারিত ও যুগোপযোগী করা। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে 'পরিবার'-এর সংজ্ঞায় এখন থেকে বিবাহিত কন্যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার থেকে 'পরিবার' বলতে বোঝানো হবে ১) মৃত পুরুষ কর্মীর স্ত্রী ২) মহিলা কর্মীর স্বামী ৩) সৎ পুত্র-সহ পুত্রসন্তান, ৪) অবিবাহিতা, বিধবা এবং বিবাহবিচ্ছিন্না কন্যা (সৎ কন্যা-সহ) ৫) ১৮ বছরের কম বয়সি ভাই, অবিবাহিতা বা বিধবা বোন, ৬) প্রয়াত কর্মীর বাবা ৭) প্রয়াত কর্মীর মা ৮) বিবাহিত কন্যাসন্তান।
এবার থেকে 'পরিবার' বলতে বোঝানো হবে-
১) মৃত পুরুষ কর্মীর স্ত্রী
২) মহিলা কর্মীর স্বামী
৩) সৎ পুত্র-সহ পুত্রসন্তান
৪) অবিবাহিতা, বিধবা এবং বিবাহবিচ্ছিন্না কন্যা (সৎ কন্যা-সহ)
৫) ১৮ বছরের কম বয়সি ভাই, অবিবাহিতা বা বিধবা বোন,
৬) প্রয়াত কর্মীর বাবা
৭)প্রয়াত কর্মীর মা
৮) বিবাহিত কন্যাসন্তান
বিজ্ঞপ্তির শেষে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নোট বা বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করা হয়েছে, যা বহু পরিবারের দীর্ঘদিনের আইনি জটিলতা মেটাতে সাহায্য করবে। জানানো হয়েছে, এই নতুন নিয়ম বলবৎ হওয়ার আগে যদি কোনও সরকারি কর্মচারীর মৃত্যু হয়ে থাকে এবং তাঁর বিবাহবিচ্ছিন্না বা বিবাহিত কন্যাদের গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে কোনও আবেদন বা দাবি এখনও অমীমাংসিত অবস্থায় পড়ে থাকে, তবে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর এই নতুন বিজ্ঞপ্তির বলে সেই 'কেস'গুলি নতুন করে বিবেচনা করে নিষ্পত্তি করতে পারবে। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করার জন্য রাজ্যের সমস্ত সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জানিয়েছে, রাজ্য সরকারের এই সহানুভূতিশীল সিদ্ধান্তের জন্য মৃত রাজ্য সরকারি কর্মচারীদের বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারা উপকৃত হবেন।
