shono
Advertisement

যুবকের মৃত্যুর পর স্বজনদের তাণ্ডবে ঘরছাড়া চিকিৎসক, বাড়ি ফেরালেন রোগীরাই

১৪ এপ্রিলের পর থেকেই বাড়িছাড়া ছিলেন ওই চিকিৎসক।
Posted: 09:10 AM Apr 20, 2022Updated: 09:10 AM Apr 20, 2022

অভিরূপ দাস: করোনা (Coronavirus) আবহে একজন রোগীকেও ফেরাননি। অক্লান্ত পরিশ্রম করেছিলেন চিকিৎসক গৌরব রায়। তিনিই আতঙ্কে বাড়িছাড়া। খবর পেয়েই নিমতার ঘরছাড়া আতঙ্কিত চিকিৎসককে বাড়ি ফেরাতে ছুটে এলেন উপকার পাওয়া রোগীরা। মঙ্গলবার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের সঙ্গেই শরীক হয়েছিলেন ডা. গৌরব রায়ের রোগীরা।

Advertisement

১৪ এপ্রিলের পর থেকেই বাড়িছাড়া ছিলেন গৌরব। নিমতা বাজার এলাকার বাসিন্দা, বছর পঁচিশের যুবক পাপ্পু কুণ্ডুর মৃত্যুর পর চিকিৎসকের বাড়িতে ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, পাপ্পুর বুকে ব্যথা হলেও ডেকে পাওয়া যায়নি ডা. গৌরব রায়কে। সে ঘটনায় মারধর করা হয় চিকিৎসকের পরিবারের লোকেদেরও। আতঙ্কে ডা. গৌরব রায় লুকিয়ে ছিলেন সুহৃদ চিকিৎসকের বাড়িতে।

[আরও পড়ুন: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরিচালনায় স্বয়ং মুখ্যমন্ত্রী, ২ দিন নিউটাউনেই রাত্রিযাপন]

এদিন তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে নিমতা থানায় ডেপুটেশন জমা দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সেদিন যারা বাড়ি ভাঙচুর করেছিল তাদের গ্রেপ্তারির দাবিও জানানো হয়। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. কৌশিক চাকী জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করে ছবিও তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এই ঘটনায় আবার পুলিশ চিকিৎসায় গাফিলতির মামলা শুরু করায় ক্ষুব্ধ রাজ্যের চিকিৎসকরা। ডা. কৌশিক চাকীর প্রশ্ন, “যিনি রোগীর কাছেই যাননি। তিনি কিভাবে গাফিলতি করলেন?”

প্রসঙ্গত, ঘটনার দিন আচমকাই বুকে ব্যথা শুরু হয়েছিল পাপ্পুর। এদিন চিকিৎসকরা জানিয়েছেন, ঘটনা প্রবাহ থেকেই পরিষ্কার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হতো। তা না করে খামোখা ডাক্তারকে বাড়িতে ডেকে পাঠানো হল কেন? উঠছে সেই প্রশ্ন। ৩০৪এ ধারায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যা নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকরা। এদিন গৌরবের বাড়িতে গিয়েছিলেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস। তিনি চিকিৎসকের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।

[আরও পড়ুন: জাহাজপথে শুরু হবে কলকাতা-সাগর নৈশকালীন যাত্রা, জানালেন কলকাতা বন্দরের চেয়ারম্যান ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement