খাস কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীকে যৌন নিগ্রহ! রাস্তা থেকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। কসবা (Kasba) থানায় দায়ের অভিযোগ। দুই অভিযুক্তই পলাতক। অভিযুক্তদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন নির্যাতিতা। একটি ক্যাব ভাড়া করেছিলেন তিনি। কসবার জাহাজ বাড়ি এলাকায় নামেন তিনি।সেই সময় আকাশ সিং ও আরিয়ান সিং নামে স্থানীয় দুই যুবক তাঁকে ডাকে। অভিযোগ, কথাবার্তার মাঝেই নির্যাতিতাকে অপহরণ করা হয়। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনও। অভিযোগ, গাড়িতেই তরুণীর যৌন নিগ্রহ করা হয়।
নির্যাতিতা জানিয়েছেন, নির্যাতন চালানোর পর তাঁকে আনন্দপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় ফোন। এরপর নির্যাতিতা তাঁর বন্ধুকে ফোন করে বিষয়টি জানান। অসুস্থ বোধ করায় বন্ধুর বাড়িতে যান। পরে কসবা থানায় দুই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জানান তিনি। দুই অভিযুক্ত পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, যৌন নিগ্রহের অভিযোগ উঠতেই অভিযুক্তদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ও নির্যাতিতার পরিবারের বিরুদ্ধে। জানা যায়, দুটি গাড়িতে এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।
