shono
Advertisement

লোকসভার রণকৌশল প্রস্তুত করতে প্রদেশ নেতৃত্বকে জরুরি তলব রাহুল গান্ধীর

ভাঙন রুখতে তৎপর কেন্দ্রীয় নেতৃত্ব৷ The post লোকসভার রণকৌশল প্রস্তুত করতে প্রদেশ নেতৃত্বকে জরুরি তলব রাহুল গান্ধীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Jul 02, 2018Updated: 06:40 PM Jul 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার ভোটের আগে প্রদেশ কংগ্রেসের দলীয় কোন্দল মেটাতে ও রণকৌশল ঠিক করতে তৎপর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের আগামী ৬ জুলাই নয়াদিল্লিতে তলব করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ জানা গিয়েছে, সেখানে ডাকা হয়েছে রাজ্য কংগ্রেসর সমস্ত শীর্ষ নেতাদের৷ বৈঠকে উপস্থিত থাকবেন, প্রদেশ কংগ্রেসের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা তরুণ নেতা গৌরব গগৈ৷ তাঁর কাছেও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাহুল গান্ধী৷

Advertisement

[ভোটের আগে দপ্তর ঢেলে সাজাতে উদ্যোগ রাজ্যের, তৈরি নতুন কমিটি]

দীর্ঘ কয়েক বছর ধরেই এ রাজ্যে ক্ষয়িষ্ণু হচ্ছে কংগ্রেস৷ যাকে কটাক্ষ করে অন্যান্য রাজনৈতিক দলগুলি বলে থাকে ‘সাইন বোর্ডে পরিণত হওয়া’৷ তবে ২০১৬-র বিধানসভা ভোটে কংগ্রেস ৪৪ টি আসল পেয়ে বিরোধী দলের মর্যাদা পেয়ে, কিছুটা হলেও হালে পানি পেয়েছিল অধীর ব্রিগেড৷ কিন্তু মাত্র দু’বছরের ব্যবধানে কংগ্রেস ছেড়ে বহু বিধায়ক যোগ দিয়েছেন শাসক দল তৃণমূল কংগ্রেসে৷ জল্পনা চলছে, আসন্ন ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় আরও ভাঙতে পারে প্রদেশ কংগ্রেস৷ ধস নামতে পারে দলের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি মালদহ ও মুর্শিদাবাদে৷ এমনকী জল্পনা তুঙ্গে রয়েছে, গনিখান চৌধুরীর পরিবারকে কেন্দ্র করেও৷

[গভীর রাতে বাড়িতে ঢুকে বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের]

এমন পরিস্থিতিতে, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক পদে পরিবর্তন করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ অভিজ্ঞ সিপি জোশীর বদলে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ তুর্কি গৌরব গগৈইয়ের উপর৷ যিনি রাজ্যে এসে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকও করে গিয়েছেন৷ জানা গিয়েছিল, সেই বৈঠকেই বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন একাধিক কংগ্রেস নেতা৷ স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় পর্যবেক্ষককে জানিয়েছেন, অধীর চৌধুরীর সঙ্গে কাজ না করতে পারার কারণসমূহ৷ সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকের ফলাফলই গৌরব গগৈইয়ের কাছে রিপোর্টের আকারে চেয়েছেন রাহুল গান্ধী৷ কেন রাজ্যে কংগ্রেসের সংগঠনের এমন হাল, কোন পথে সমাধান আসতে পারে বা কেমন ভাবে সংগঠনকে বাড়ান যায়৷ এই সমস্ত বিষয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে বলে খবর৷ তৃণমূলের সঙ্গে জোট করে লোকসভা নির্বাচনে লড়াইয়ের বিষয়টিও আলোচনার তালিকায় থাকবে বলে সূত্রের খবর৷

The post লোকসভার রণকৌশল প্রস্তুত করতে প্রদেশ নেতৃত্বকে জরুরি তলব রাহুল গান্ধীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement