পূর্বসূরির ফর্ম 'টুকে' পেশ করেছিলেন নিজের মনোনয়ন পত্র। তাতে বিস্তর গন্ডগোল সত্ত্বেও কেন গৃহীত হল ফর্ম? এই প্রশ্ন তুলে বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহার (বিশ্বজিৎ সিনহা) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। কমিশনের নির্দেশে শেষ মুহূর্তেও তাঁকে নথি নিয়ে ছুটতে হয়েছিল। বিনা লড়াইয়ে জয় নিশ্চিত থাকলেও নথির গেরোয় তা খানিকটা অনিশ্চয়তায় পড়ে। শেষমেশ অবশ্য পাশ করে গেলেন বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির একমাত্র প্রতিনিধি রাহুল সিনহা।
রাজ্যসভার সাংসদের সার্টিফিকেট পেলেন বিজেপির রাহুল সিনহা। ছবি: অরিজিৎ সাহা
সোমবার বিধানসভায় তাঁর হাতে জয়ের সার্টিফিকেট তুলে দিলেন সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তাঁর হাত ধরে অভিনন্দন জানাতে দেখা গেল তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়কে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সার্টিফিকেট পেলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমাররাও। তবে মানেকা গুরুস্বামী দিল্লিতে থাকায় তাঁর হয়ে সার্টিফিকেট নিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
মেনকা গুরুস্বামীর হয়ে সার্টিফিকেট গ্রহণ মন্ত্রী অরূপ বিশ্বাসের। নিজস্ব ছবি
রাজ্যসভার ভোট হওয়ার কথা আগামী ১৬ মার্চ। এবার সংসদের উচ্চকক্ষে বাংলা থেকে পাঁচটি আসন খালি হয়েছিল। যার মধ্যে চারটি তৃণমূলের, একটি বিজেপির। সেখানে তৃণমূল অত্যন্ত কৌশলী হয়ে চারজন প্রার্থীকে বেছে নিয়েছিল। রাজ্যের প্রাক্তন ডিজি, দুঁদে পুলিশ অফিসার রাজীব কুমার, সমকামীদের অধিকার নিয়ে লড়াই করা সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং দু'বারের লোকসভার সাংসদ, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় - রাজ্যসভায় কেন্দ্রের শাসকদলের বিরোধিতায় এই 'চতুর্ভুজ'কেই তুরুপের তাস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর গেরুয়া শিবিরের পক্ষ থেকে সংসদের উচ্চকক্ষে প্রতিনিধি হিসেবে পাঠানো হয় 'আদি' নেতা রাহুল সিনহাকে।
জয়ের সার্টিফিকেট নিলেন তৃণমূলের প্রার্থীরা। ছবি: অরিজিৎ সাহা
গত ৫ মার্চ বিধানসভায় গিয়ে সব প্রার্থী নিজেদের মনোনয়ন পেশ করেন। তৃণমূলের চারজনই নির্ভুলভাবে মনোনয়ন ফর্ম পূরণ করতে পারলেও বিজেপির একমাত্র প্রার্থী রাহুল সিনহার ফর্ম পূরণ করতে গিয়ে ভুলত্রুটি করে ফেলেন। পরে অবশ্য ঠিক করে জমা দেন নিজের মনোনয়নপত্র। রাহুল সিনহার ত্রুটিপূর্ণ ফর্ম গ্রহণ নিয়ে তৃণমূল কমিশনে অভিযোগ দায়ের করেছিল। তবে সোমবার দেখা গেল, পাশ করে গিয়েছেন বিজেপির একমাত্র প্রার্থী। হাসিমুখে জয়ের সার্টিফিকেট নিয়ে বেরলেন। বিধানসভার করিডরে তাঁর সঙ্গে দেখা তৃণমূলের বাবুল সুপ্রিয়র। রাহুলের হাত ধরে অভিনন্দন জানালেন বাবুল। দুই যুযুধান রাজনৈতিক দলের সৌজন্যের ছবি দেখা গেল।
