Advertisement
মাঠেই হার্দিক-মাহিকার মাখামাখি! পান্ডিয়ার 'মিসেসে'র 'আদিখ্যেতা'য় উড়ে এল 'ন্যাকা, নাকউঁচু' কটাক্ষ
'বছর বছর বউ বদলান?' নেটপাড়ার কটাক্ষ থেকে বাদ পড়লেন না পান্ডিয়াও! কে এই মাহিকা শর্মা?
শুধু মাঠে, বিভিন্ন 'ঘাটে' এখন হার্দিক পাণ্ডিয়ার ছায়াসঙ্গী মাহিকা শর্মা। প্রাক্তন নতাশা স্ট্যানকোভিচকে ভুলে মাহিকাই এখন পাণ্ডিয়ার সঙ্গে সর্বত্র জুড়ে থাকেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের মাঝে ঘন ঘন গ্যালারিতে বসে থাকা প্রেমিকাকে চুমু ছোড়া থেকে জয়ের পর 'মিসেস' সম্বোধন, কোনওটাই নজর এড়ায়নি নেটভুবনের নীতিপুলিশদের। বিশ্বজয়ের পর মাহিকাও প্রকাশ্যে পাণ্ডিয়ার গালে চুমু বসান। আর ক্রিকেট তারকার সঙ্গে হিন্দি টেলিদুনিয়ার মডেল-নায়িকার এহেন মাখামাখির মুহূর্ত দেখেই অস্বস্তিতে নেটপাড়া!
রবিবার রাতে ম্যাচের পর হার্দিক পাণ্ডিয়া বুক ফুলিয়ে ঘোষণা করেন, মাহিকা এখন আর শুধু বান্ধবী নন। বরং স্ত্রী। আজ্ঞে, 'স্ত্রী' হিসেবে সকলের সামনে মাহিকা শর্মাকে পরিচয় করান ভারতীয় অলরাউন্ডার। পালটা প্রেমিকে উদ্দেশে প্রেম জাহির করতে ভোলেননি অভিনেত্রীও। আর সেসব মুহূর্ত দাবানল গতিতে ছড়িয়ে পড়তেই এমন উদযাপনের মুহূর্তে সমালোচনার শিকার হতে হল জুটিকে।
ম্যাচ জয়ের পর এদিন কখনও মাহিকার বাহুডোরে দেখা যায় হার্দিককে। তো কখনও বা আবার মাহিকা বিভিন্ন পোজে ক্রিকেটার প্রেমিককে জড়িয়ে চুমু খেতে থাকেন। আবার কখনও হার্দিকের পুরস্কার তুলে জয়োচ্ছ্বাস প্রকাশ করেন। যা দেখে নেটপাড়ার নীতি পুলিশদের মন্তব্য, 'আরও ক্রিকেটারদের স্ত্রী-সঙ্গীও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু মাহিকা শর্মার এত আদিখ্যেতার কী আছে?'
একাংশ আবার মাহিকার বিভিন্ন অভিব্যক্তি আতসকাচে রেখে তাঁকে 'ন্যাকা' বলেও আখ্যা দিলেন। কেউ কেউ আবার হার্দিক পাণ্ডিয়ার প্রাক্তন স্ত্রী নতাশা স্ট্যানকোভিচের সঙ্গেও তুলনা টানলেন। সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আবহে চর্চায় হিন্দি টেলিদুনিয়ার অভিনেত্রী মাহিকা শর্মা।
এদিন ম্যাচ জেতার পরই বক্তৃতা দিতে গিয়ে হার্দিক বলেন, "যেদিন থেকে মাহিকা আমার জীবনে এসেছে, তারপর থেকে আমার জীবনে সব কিছু ভালো হচ্ছে। আমি শুধু সামনের দিকে এগিয়ে চলেছি। মাহিকার কথা তো আলাদা করে বলতেই হয়। আমার স্ত্রী পাশে ছিল বলেই সম্ভব হল।" আর তাতেই কটাক্ষের শিকার হতে হয়েছে ভারতীয় অলরাউন্ডারকে।
মাহিকাকে স্ত্রী হিসেবে সম্বোধন করে 'লাকি চার্ম' আখ্যা দেন হার্দিক। আর সেটা নিয়েই ব্যাঙ্গাত্মক মন্তব্যের ভিড় সোশাল পাড়ায়। একাংশ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, মাহিকা শর্মার সঙ্গে কবে বিয়ে করলেন? আবার কারও কটাক্ষ, 'বছর বছর বউ বদলান!' সবমিলিয়ে মাঠে হার্দিক-মাহিকার মাখোমাখো রোম্যান্টিক মুহূর্ত নিয়ে চর্চার অন্ত নেই!
২০২৪ সালে নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। তারপর জীবনে বহু উত্থানপতন এসেছে। সেসময়েই মাহিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে হার্দিকের। তাঁর ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট ‘ভাব’ মাহিকার।
হার্দিকের ম্যাচ থাকলে স্টেডিয়ামে 'চিয়ার লিডার' হিসেবে মাহিকার উপস্থিতি নিত্যনৈমিত্তিক ঘটনা। সেমিফাইনালেও প্রেমিকের পুত্রকে কোলে নিয়ে ম্যাচ দেখেছিলেন মডেল-অভিনেত্রী মাহিকা শর্মা। সেই ছবিও দেদার ভাইরাল হয়। এবার ম্যাচ জয়ের পর নেটবাসিন্দাদের আতসকাচে হার্দিক-মাহিকার গদগদ মুহূর্ত।
মডেল মাহিকা শর্মার সঙ্গে মাঝেমাঝেই ছবি পোস্ট করেন হার্দিক। গত ভ্যালেন্টাইনেও প্রেমিকার নামের আদ্যাক্ষর নিজের শরীরে ট্যাটু করিয়েছেন ক্রিকেটার। এমনকী প্রেমিকার জন্মদিনে কোটি কোটি টাকা খরচও করেন হার্দিক পাণ্ডিয়া। এবার মাঠের মাঝে তারকাজুটির খুল্লমখুল্লা 'প্রেম-পিরিতি' দেখে চোখ ঢাকছে নেটপাড়া। (ছবি- ইনস্টাগ্রাম)
Published By: Sandipta BhanjaPosted: 09:46 PM Mar 09, 2026Updated: 09:46 PM Mar 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
