ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে ঝঞ্ঝাট। বৃহস্পতিবার দিনের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টা এক যাত্রীর। যার জেরে আংশিকভাবে ব্যাহত হল ব্লু লাইনের মেট্রো চলাচল। এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান ও উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। মাঝে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত কোনও মেট্রো চলছে না। এর জেরে বিপাকে অফিস ফেরত মানুষজন। কখন ফের স্বাভাবিক হবে পরিষেবা? এ বিষয়ে এখনও কিছু বলতে পারেনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে ৪৬ নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করা হয়। প্রাণে বেঁচে যান ওই যাত্রী। তবে বিদ্যুৎ সংযোগ বন্ধ হওয়ায় ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান ও উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপাতত মেট্রো চলছে। দিনভর অফিসের পর বাড়ি ফেরার পথে ব্যাপক সমস্যায় পড়েছেন যাত্রীরা। পাশাপাশি যাঁরা গন্তব্যে পৌঁছতে পাতালপথ ধরেছেন, বিপাকে পড়েছেন তাঁরাও। শেষমেশ প্রায় একঘণ্টা পর, বিকেল ৫টা ৪৭ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে মেট্রো সূত্রে খবর।
এমনিতে শহরের নানা প্রান্তে কলকাতা মেট্রোর সম্প্রসারণের পর থেকে ব্লু লাইনে পরিষেবা যথেষ্ট বিঘ্নিত হয়েছে। কখনও রেক খারাপ, কখনও সিগন্যাল বিভ্রাট, আবার কখনও আত্মহত্যার চেষ্টার কারণে নানা সময় মেট্রো চলাচল থমকে যায়। দিনের ব্যস্ত সময় প্রবল সমস্যার মুখে পড়েন যাত্রীরা। শত শত অভিযোগের মাঝে মেট্রো কর্তৃপক্ষের তরফে সমস্যা সমাধানের শুধু আশ্বাসই মেলে। কাজের কাজ তেমন কিছু হয় না। সবমিলিয়ে মেট্রোর ব্লু লাইন যেন ক্রমশ আতঙ্ক আর অনিশ্চয়তার সফর হয়ে উঠছে নিত্যযাত্রীদের কাছে। বৃহস্পতিবারও বিকেলের ব্যস্ত সময়ে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যার চেষ্টার কারণে পরিষেবা বিঘ্নিত হল।
