shono
Advertisement
Shampa Bose memorial hospital

কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের

বাণিজ‌্য জগতে বাঙালির আইকনের অভিলাষ ছিল সুলভ মূল্যে কিডনির হাসপাতাল। যেখানে বৃক্কের অসুখের সমস্ত ধরনের চিকিৎসা এক ছাদের তলায়। সাশ্রয়ী মূল্যে। আষাঢ়ের কলকাতায় সত্যি হল তা।
Published By: Amit Kumar DasPosted: 12:20 PM Jun 30, 2026Updated: 12:20 PM Jun 30, 2026

স্বপ্ন সাধন হল স্বপনসাধনের।
বাণিজ‌্য জগতে বাঙালির আইকনের অভিলাষ ছিল সুলভ মূল্যে কিডনির হাসপাতাল। যেখানে বৃক্কের অসুখের সমস্ত ধরনের চিকিৎসা এক ছাদের তলায়। সাশ্রয়ী মূল্যে। আষাঢ়ের কলকাতায় সত্যি হল তা।

Advertisement

সহধর্মিণী শম্পা বোস আক্রান্ত ছিলেন কিডনির অসুখে। দীর্ঘ লড়াইয়ের পর বছর পাঁচেক আগে তাঁর প্রয়াণ হয়। স্ত্রী চলে যাওয়ার পরই সংকল্প করেছিলেন বাণিজ‌্য জগতে বাঙালির আইকন। কিডনি কেয়ার সোসাইটি-র তত্ত্বাবধানে পূর্ব কলকাতায় সায়েন্স সিটির উল্টোদিকে মাথা তুলল শম্পা বোস মেমোরিয়াল চ‌্যারিটেবল রেনাল কেয়ার অ‌্যান্ড রিসার্চ সেন্টার। একসময় যে ইমারত ছিল সংবাদ প্রতিদিনের। কোভিডকালে তা রাজ‌্য সরকারকে দেওয়া হয়েছিল কোয়ারান্টাইন সেন্টার করার জন‌্য। সেখানেই এখন জনগণের মঙ্গলসাধনে কিডনি চিকিৎসার কেন্দ্র।

সহধর্মিণী শম্পা বোস আক্রান্ত ছিলেন কিডনির অসুখে। দীর্ঘ লড়াইয়ের পর বছর পাঁচেক আগে তাঁর প্রয়াণ হয়। স্ত্রী চলে যাওয়ার পরই সংকল্প করেছিলেন বাণিজ‌্য জগতে বাঙালির আইকন।

সোমবার ২৯ জুন, ১৪ আষাঢ়। জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্বপনসাধন ওরফে টুটু বোসের বিবাহবার্ষিকী। আরও এক শুভ কাজের অনুষঙ্গে ক‌্যালেন্ডারে এই দিনটিকে মনে রাখবে বাঙালি। সোম সন্ধ‌্যায়, কিডনি কেয়ার সোসাইটির প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডা. প্রতিম সেনগুপ্ত জানিয়েছেন, প্রাথমিকভাবে এই ভবনে হবে কিডনি চিকিৎসার স্বয়ংসম্পূর্ণ পঞ্চাশ বেডের একটা হাসপাতাল। সোমবার থেকেই চালু হয়ে গেল সতেরো বেডের ডায়ালিসিস। রয়েছে আল্ট্রাসাউন্ড, ইকো কার্ডিওগ্রাফি, চেস্ট এক্স রে-র ব‌্যবস্থা। আগামী একমাসের মধ্যে দৌড়বে এই হাসপাতাল। দু’মাসের মধ্যে চালু হয়ে যাবে কিডনির জটিল অস্ত্রোপচার। শুধু চিকিৎসা নয়, পাশাপাশি কিডনির অসুখ নিয়ে জটিল উন্নততর গবেষণাও চলবে এই ভবনে। একটি তলা নির্দিষ্ট করা হয়েছে গবেষণার জন‌্য।

সংবাদ প্রতিদিনের প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস জানিয়েছেন, অত‌্যন্ত জটিল আর খরচসাপেক্ষ কিডনির চিকিৎসা। ডায়ালিসিস করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে যায় অনেক পরিবার। এই হাসপাতালের মাধ‌্যমে যদি সমাজের প্রান্তিকতম মানুষটিরও কিছুমাত্র উপকার হয় তা হলেই বাবার স্বপ্ন সার্থক। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার-এর সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ মহারাজ, অভিনেতা সব‌্যসাচী চক্রবর্তী, মিঠু চক্রবর্তী, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ, রাজ্য নেত্রী শতরূপা উপস্থিত ছিলেন শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধনে।

সোমবার থেকেই চালু হয়ে গেল সতেরো বেডের ডায়ালিসিস। রয়েছে আল্ট্রাসাউন্ড, ইকো কার্ডিওগ্রাফি, চেস্ট এক্স রে-র ব‌্যবস্থা। আগামী একমাসের মধ্যে দৌড়বে এই হাসপাতাল। দু’মাসের মধ্যে চালু হয়ে যাবে কিডনির জটিল অস্ত্রোপচার।

দীর্ঘদিন কিডনির অসুখে ভুগেছেন সব্যসাচী চক্রবর্তীর মা। অভিনেতার কথায়, "মাকে প্রায় কয়েকশো ডায়ালিসিস নিতে হয়েছিল। কিডনি চিকিৎসার উচ্চমানের একটা হাসপাতালের প্রয়োজন ছিল বাংলায়। সার্থক হোক টুটু বসুর স্বপ্ন।" স্বপনসাধন বোসের স্বপ্নকে ডানা মেলতে দেখতে চাঁদের হাট বসেছিল মিলনমেলা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই হাসপাতাল প্রাঙ্গণে। হাজির ছিলেন বোস পরিবারের সব সদস্য। সংবাদ প্রতিদিনের প্রধান সম্পাদক সৃঞ্জয় বোস, নীলাঞ্জনা বোস, সৌমিক বোস, রাই বোস, অরিঞ্জয় বোস, রানিয়া বোস। উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধিকর্তা রাজেশ, মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত, প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডা. প্রদীপ মিত্র, চিকিৎসক ডা. সন্দীপ ভট্টাচার্য। অনুষ্ঠানের শেষের উপসংহার টানেন বোস পরিবারের উত্তরসূরি। অরিঞ্জয়ের অনুভূতি, "আমার দাদু আর আম্মির বিবাহবার্ষিকী আজ। আম্মি চলে যাওয়ার পর এই দিনটা সুখকর ছিল না। উদযাপনে সবসময়ই চেষ্টা থাকত দাদুর যেন মন খারাপ না হয়। আজ উনিও নেই। আম্মি চলে যাওয়ার পর একটা স্বপ্ন দেখেছিল দাদু। আজ তাঁর নাম সার্থক। স্বপনসাধন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement