shono
Advertisement
aroop Biswas

'সুপ্রিম কোর্টে যাচ্ছি', মেসিকাণ্ডে অরূপকে রক্ষাকবচের সিদ্ধান্তকে চ্যালেঞ্জের পথে শতদ্রু

সমাজমাধ্যমে শতদ্রু পোস্ট করেন, "সুপ্রিম কোর্টে যাচ্ছি, বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে। "
Published By: Jaba SenPosted: 08:41 PM Jun 10, 2026Updated: 08:41 PM Jun 10, 2026

মেসিকাণ্ডে এখনই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা যাবে না। আজ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আর্জি জানাচ্ছেন মেসির 'গোট' ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। সেখানে রায় আশানুরূপ না হলে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলে জানান তিনি। এদিন হাই কোর্ট অরূপকে রক্ষাকবচ দেওয়ার পর সমাজমাধ্যমে শতদ্রু পোস্ট করেন, "সুপ্রিম কোর্টে যাচ্ছি, বিচারব্যবস্থার প্রতি আস্থা আছে। "

Advertisement

মেসি কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে দুই বার তলব করেছে পুলিশ। কিন্তু তিনি দুবারই হাজিরা এড়িয়েছেন। এই আবহে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে তাঁকে সাময়িক স্বস্তি দিয়েছে আদালত। মেসি কাণ্ডে এখনই তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্তও। আদালতের নির্দেশ ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না অরূপ। নিম্ন আদালতে তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। এর পাশাপাশি মেসির এত কাছাকাছি আসার জন্য প্রাক্তন মন্ত্রীকে তীব্র ভর্ৎসনাও করে আদালত। অরূপকে রক্ষাকবচ দেওয়ার এই সিদ্ধান্তে অখুশি শতদ্রু। তাই হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন তিনি। সেখানে আশানুরূপ রায় না হলে সুপ্রিম কোর্টে যাবেন শতদ্রু।

যুবভারতীতে মেসি কাণ্ডে সবার আগে গ্রেপ্তার করা হয়েছিল মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। পরে তিনি জামিন পান। শতদ্রু বলেন, "আমার জামিনের আবেদন ৫ বার খারিজ করে দেওয়া হয়। বলা হয়েছিল, আমি প্রভাবশালী ব্যক্তি। তথ্যপ্রমাণ নষ্ট করতে পারি। তবে আমার থেকে অনেক বেশি প্রভাবশালী অরূপ বিশ্বাস। উনি তো রাজনীতিবিদ। উনি আরও বেশি তদন্ত প্রভাবিত করতে পারেন। এর ভিত্তিতে হাই কোর্টের রক্ষাকবচের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব।" অরূপের পুলিশি তলব এড়ানোর ঘটনা নিয়েও কটাক্ষ করেন শতদ্রু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement