আদালতের নির্দেশে একটি বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ। তালতলা থানা এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় তালতলা থানার সেকেন্ড অফিসার তথা সাব-ইন্সপেক্টর রাজীব রায় গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকেই এক মহিলা-সহ চার অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে বুধবার তালতলার দুর্গাচরণ ডাক্তার রোডে একটি বাড়ির আইনি দখল নেওয়ার প্রক্রিয়া চলছিল। আদালতের 'সিল বেলিফ' কর্মীরা ঘরটি খালি করার কাজ করছিলেন। পুরো আইনি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য শুরু থেকেই পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল। ঘর খালি করার সময় দোতলার ভাড়াটেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। হঠাৎই সেখানে বসবাসকারী সরস্বতী শাহ, তাঁর মেয়ে সিমরান শাহ, ছেলে হৃতিক শাহ এবং হৃতিকের বন্ধু নসিব আহমেদ কর্তব্যরত এসআই রাজীব রায়ের ওপর হামলা চালান।
এই আকস্মিক হামলায় সাব-ইন্সপেক্টর রাজীব রায় আহত হন। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চার হামলাকারীকে ঘটনাস্থল থেকেই আটক করেন। তাঁদের থানায় নিয়ে আসা হয়। আহত এসআই রাজীব রায়কে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
