চরম বিশ্বাসভঙ্গ! পরিণতি, 'বেনাগরিক'! মোদি সরকার এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এসআইআর-এর গুঁতোয় ভোগান্তি, হতাশা, আতঙ্ক এবং ক্ষুব্ধ কলকাতার উপকণ্ঠ নিউটাউনের মতুয়া গড়। সিদ্ধান্তের নির্যাস কি ডিটেনশন ক্যাম্প? নাকি পুশব্যাক? দেশ থেকে বিতাড়িত হওয়ার এই বিরাট দুশ্চিন্তা মাথায় নিয়ে আগামী ২৯ এপ্রিল বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবেন রাজারহাট-নিউটাউনের মতুয়ারা।
সালটা ২০২০। ৬ নভেম্বর। ২০২১ সালের ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিউটাউনের মতুয়া 'মুখ' নবীন বিশ্বাসের জ্যোতিনগরের বাড়ি গিয়েছিলেন। দিল্লি থেকে উড়ে আসা খাদ্য বিশেষজ্ঞদের বিশেষ নজদারিতে নবীনবাবুর স্ত্রী সুচন্দ্রা বিশ্বাসের হাতে বানানো রুটি, ডাল, সবজি, ধোকলা, নলেন গুড়ের পায়েস তৃপ্তি সহকারে মধ্যাহ্নভোজ সেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস জুগিয়েছিলেন, বিজেপি সরকার আছে। মতুয়ারা এ দেশের নাগরিকত্ব পাবেনই।
আবার একটা বিধানসভা ভোট ঘুরে আসতেই কার্যত মোহভঙ্গ মতুয়াদের। এলাকা ঘুরে জানা গেল, মতুয়াদের গলায় আক্ষেপ, 'মিত্র'র প্রতিশ্রুতিই সার হল! এসআইআরের নামে নাগরিকত্বের ভবিষ্যৎ বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়ে বিজেপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। আগামীতে যার মাশুল গুনতে হবে অমিত শাহদের।
রাজনৈতিক মহল বলছে, প্রতি নির্বাচনে রাজারহাট-নিউটাউন বিধানসভার কেন্দ্রে মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বড় ফ্যাক্টর। ১৯৭১ সালে দেশ ভাগের যন্ত্রণায় বলি হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় অস্তানা গেড়েছিলেন ছিন্নমূল উদ্বাস্তুরা। এই মুহূর্তে নিউটাউন কেষ্টপুর-বাগজোলা খালপাড় সংলগ্ন বিধাননগর পুরসভা অধীনস্থ ২০, ২১, ১৪, ১ নম্বর ওয়ার্ড-সহ বিস্তীর্ণ জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা মতুয়া গড় হিসেবে পরিচিত। গত জানুয়ারি মাসে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯১৮। প্রায় ৪০ হাজার মতুয়া ভোটার। বর্তমানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস। এক তপ্ত দুপুরে জ্যোতিনগরের বাড়ির অফিসে বসে নবীনবাবুর আক্ষেপ, "বিজেপির খপ্পরে মতুয়াদের জীবন এখন বিপর্যস্ত। কমিশনের এসআইআর-এর ফাঁদে সুধাংশু সরকার, গণেশ মণ্ডল-সহ প্রায় ১৪ হাজার মতুয়ার নাম বাতিলের খাতায় ধরা হয়েছে। তাই ভোটের লাইনে মতুয়ারা প্রতিশোধ নিতে প্রস্তুত।"
অথচ নিউটাউনের মতুয়া সম্প্রদায়ের ভোটাদের ট্র্যাডিশন হচ্ছে, বিজেপির দিকে ঝুঁকে থাকা। তবে এসআইআর গুঁতোয় সেই চিত্রটার বিরাট বদল এসেছে বলে রাজনৈতিক মহলের দাবি। রাজারহাট নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোড়িয়ার আশ্বাস, আমরা জিতে এলে মতুয়ারা অনেকেই নাগরিকত্ব ফিরে পাবেন। তৃণমূলের তাপস চট্টোপাধ্যায়ের জবাব, বিভাজনের রাজনীতি করে বিজেপি।
