ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শেষ পর্যায়ের কাজ ও ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল জাতীয় নির্বাচন কমিশন। দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের প্রাক্তন আইপিএস এন কে মিশ্রাকে। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজন অনুযায়ী দফায়, দফায় সমস্ত কাজ খতিয়ে দেখতে হবে।
শুক্রবার সিইও এবং জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও তাঁর দল। সেখানে জেলাশাসক ও আধিকারিকদের কার্যত হুশিয়ারি দিয়ে বলা হয়, এসআইআর তালিকায় কোনও ভুল থাকলে দায় নিতে হবে জেলাশাসকদের। তারপরই রাতে নতুন পর্যবেক্ষক নিয়োগের কথা জানায় কমিশন।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যের পর্যবেক্ষক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন। তিনি সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে জানান কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজারভারা সব সিদ্ধান্ত নিচ্ছেন। রাজ্যের আধিকারিকদের সিদ্ধান্ত তাঁরা মানছেন না। সুপ্রিম নির্দেশ দেয় এসআইআর প্রক্রিয়ায়, ইআরও বা এইআরওরদের না জানিয়ে মাইক্রো অবজারভাররা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না। তারপর এবার সব কাজ খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন।
অন্যদিকে, আগামী ৫ বছর এসআইআরের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তালিকায় কোনও ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়, তাই এই নির্দেশ বলে খবর কমিশন সূত্রে। ইচ্ছাকৃত ভুল করলে কোনওভাবেই জেলাশাসক ও সংশ্লিষ্ট আধিকারিকদের রেয়াত করা হবে না বলে আরও একবার ‘ধমক’ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। এই ‘হুঁশিয়ারি’র পর তৃণমূলের তোপ, জমিদারি শাসন চালাচ্ছে কমিশন। যে আধিকারিকরা এত কম সময়ে এসআইআরের কাজে সাহায্য করছেন, তাঁদের হুমকি দিচ্ছেন জ্ঞানেশ কুমার।
