প্রেম সদাসর্বদাই সুন্দরের পূজারি। তার প্রকাশ, তার অনুভূতির চেয়ে পৃথিবীতে সুন্দরতর আর কিছু যেন হয় না। প্রেমের ব্যাপ্তিও গোটা বিশ্বজুড়ে। আজ, প্রেমদিবসে এসব অনুভূতির কথা লিখেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার ভ্যালেন্টাইনস ডে-তে নিজের অনুভূতির কথা শেয়ার করলেন। শনিবার এক্স হ্যান্ডলে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের দুটি লাইন লিখেছেন তিনি। এরপরই প্রেমকে বৃহত্তর জগতের প্রেক্ষিতে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। শেষে লিখেছেন, 'ভালোবাসা দীর্ঘজীবী হোক!'
বিশেষ বিশেষ দিনে সোশাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও উৎসব, পার্বণ বাদ যায় না। তবে ভ্যালেন্টাইনস ডে বা প্রেমদিবসেও রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা এই প্রথম। বাঙালি জীবনে রবীন্দ্রনাথ ছাড়া যে ভালোবাসা নিতান্তই শূন্য, তাও উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে। শুরুতেই তিনি লিখলেন - ''তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার/জনমে জনমে যুগে যুগে অনিবার।" এরপর তিনি লিখেছেন, প্রেমদিবস আসলে এমন এক উদযাপনের দিন, যার ব্যাপকতা সবচেয়ে বেশি এবং যে অনুভূতি সবচেয়ে মহৎ।
ব্যক্তিগতভাবে প্রেম অথবা ভালোবাসা তাঁকে কীভাবে জীবন সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছে, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'ভালোবাসার এই গভীরতাই আমাকে মানুষের জন্য পথে নামা এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভালোবাসা মানুষকে সমস্ত ঝড়ঝাপটা সামলাতে শেখায়, ধৈর্যশীল করে তোলে এবং ন্যায়বিচার, সম্মান বজায় রাখার জন্য লড়তে শেখায়।'
ভালোবাসা যে জাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে একইরকম সুখানুভূতির, সেকথা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে প্রেম অথবা ভালোবাসা তাঁকে কীভাবে জীবন সংগ্রামের অনুপ্রেরণা জুগিয়েছে, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'ভালোবাসার এই গভীরতাই আমাকে মানুষের জন্য পথে নামা এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভালোবাসা মানুষকে সমস্ত ঝড়ঝাপটা সামলাতে শেখায়, ধৈর্যশীল করে তোলে এবং ন্যায়বিচার, সম্মান বজায় রাখার জন্য লড়তে শেখায়।' শেষে তিনি ইংরাজিতে লিখেছেন, 'Happy Valentine's Day! ভালোবাসা দীর্ঘজীবী হোক!'
