shono
Advertisement
Howrah

পুরুষতন্ত্রের দম্ভ ভেঙে চুরমার! মিষ্টির দোকানের নামে 'অ্যান্ড ডটার' জুড়ে ছক ভাঙলেন মালকিন

দেখতে আর পাঁচটা মিষ্টির দোকানের মতো হলেও সুতপার দোকানের নামে রয়েছে অভিনবত্ব। আর সেই নামই অন্যান্য দোকানের থেকে তাঁর দোকানকে আলাদা করে।
Published By: Jaba SenPosted: 08:54 PM Jul 19, 2026Updated: 08:54 PM Jul 19, 2026

সমাজের পুরুষতান্ত্রিক কাঠামোকে সপাটে চড়! একদিনে সমাজ পরিবর্তন হয় না ঠিকই। তবে সেই পরিবর্তনের পথে একধাপ এগোলেন হাওড়ার সুতপা ঘোষাল। নিজের মিষ্টির দোকানের নাম রাখেন "ঘোষাল অ্যান্ড ডটার"। পিতৃতান্ত্রিক এই সমাজে সুতপার উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ।

Advertisement

হাওড়ার কালীবাবুর বাজারে নেতাজি সুভাষ রোড ধরে যেতে গিয়ে চোখে পড়বে এই মিষ্টির দোকানটি। দেখতে আর পাঁচটা মিষ্টির দোকানের মতো হলেও সুতপার দোকানের নামে রয়েছে অভিনবত্ব। আর সেই নামই অন্যান্য দোকানের থেকে তাঁর দোকানকে আলাদা করে। রাজ্যজুড়ে বহু মিষ্টির দোকান রয়েছে। কমলা মিষ্টান্ন ভান্ডার, মা কালী মিষ্টান্ন ভান্ডার, সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার নামে বহু দোকান ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলায়। কিন্তু দোকানের নাম 'ঘোষাল অ্যান্ড ডটার' রেখে সমাজকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন সুতপা। তিনি জানান, সমাজে এখনও পুরুষ ও মহিলার মধ্যে ভেদাভেদ রয়েছে। শিল্পী হিসেবে কাজ করতে গিয়েই এই ভেদাভেদের সম্মুখীন হন তিনি। আবার ব্যবসাক্ষেত্রেও এই প্রতিকূলতা পার করতে হয় তাঁকে। তাঁর কথায়, "শহরের বুকে, শিক্ষিত সমাজের মধ্যে এখনও এই ভেদাভেদ রয়েছে। কিন্তু আমি মনে করি, কোনও পুরুষ যদি নিজে খেটে কিছু করতে পারেন তাহলে বিদ্যা ও বুদ্ধির দৌলতে একজন মহিলাও করতে পারেন।"

সুতপা জানান, তিনি মিডিয়া জগতের মানুষ। নাটকে পিএচডি করেছেন। দীর্ঘদিন মঞ্চের সঙ্গে যুক্ত তিনি। তাঁর মেয়ের নাম মোমোইরো মুখোপাধ্যায়। বর্তমানে তিনি পড়াশোনা করছেন এবং এক সরকারি স্কুলের শিক্ষিকার পদে কর্মরত রয়েছেন। ২০১৮ সালে মিষ্টির দোকানের ব্যবসা শুরু করেন সুতপা। এর আগে পরিবারের কেউ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না। মেয়ের অনুপ্রেরণাতেই মিষ্টির দোকান খোলেন সুতপা। প্রথমে নিজের বাড়ির ছাদে মিষ্টি তৈরি করে দোকানে বিক্রি করতেন তিনি। সেই সময় খুব অসুবিধা হত। পরে দোকানের মধ্যেই মিষ্টি তৈরির ব্যবস্থা হয়।

মূলত 'অ্যান্ড সন্স' ও 'অ্যান্ড ব্রাদার্স' দেখতেই অভ্যস্ত এই পিতৃতান্ত্রিক সমাজের মানুষ। পারিবারিক ব্যবসার সঙ্গে বেশিরভাগ সময়ই জড়িয়ে থাকে পরিবারের পুরুষরা। মেয়েদের যোগদান সেখানে খুবই কম থাকে। কিন্তু এক্ষেত্রে সুতপার ব্যবসার সঙ্গে কোনও পুরুষই জড়িত নয়। তিনি নিজে হাতে এই ব্যবসা শুরু করেন। কাজের সূত্রে সবসময় শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও মানসিকভাবে মায়ের ব্যবসায় উৎসাহী মেয়ে মোমোইরো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement