সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর মতো এবার কালীপুজোতেও সেরাদের নিয়ে কার্নিভাল করতে চায় কলকাতা পুলিশ। আগামী বছর থেকেই এই কার্নিভাল শুরু করতে চান লালবাজারের পুলিশকর্তারা। বৃহস্পতিবার কলামন্দিরে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে পুলিশের সমন্বয় বৈঠক হয়। এই বৈঠকে অনেক পুজোকমিটির কর্তাই প্রস্তাব দিয়ে জানান, দুর্গাপুজোয় যদি ‘আসান’ এবং কার্নিভালের ব্যবস্থা থাকে। তবে কালীপুজোয় নয় কেন? এই প্রস্তাব মেনে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার জানান, “কার্নিভালের প্রস্তাব ভাল। আগামী বছর থেকে কালীপুজোর কার্নিভাল শুরু করা যায় কি না ভেবে দেখছি।” সেই সঙ্গে পুলিশ কমিশনার জানান, “দুর্গাপুজোর মতো কালীপুজোর মণ্ডপেও সেফ ড্রাইভ-সেভ লাইফ থিম চালু করুন। পাশাপাশি শহরে এখন চলছে যুব বিশ্বকাপ। সেই কারণে প্রচুর বিদেশি শহরে এসেছেন। তাই দুর্গাপুজোর মতো কালীপুজোতেও ফুটবলের থিম রাখুন।” এই বৈঠকে কলকাতা পুরসভা, সিইএসসি, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দমকলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
[দুর্গার পর আলিপুর জেলের বন্দি শিল্পীর চমক এবার কালীতেও]
কালীপুজোয় পুলিশের আবেদন-
- যথেচ্ছ ডিজে ব্যবহার করবেন না।
- কোনও হাসপাতাল, স্কুল-কলেজ, আবাসনের সামনে উচ্চস্বরে মাইক বাজাবেন না।
- রাস্তাজুড়ে মণ্ডপ করবেন না।
- দুর্গাপুজোর মতো কালীপুজোর মণ্ডপেও সিসিটিভি লাগান।
- যথেচ্ছ শব্দবাজি ফাটাবেন না।
- হাসপাতাল ও নার্সিংহোমের সামনে শব্দবাজি ব্যবহার করা যাবে না।
- দুর্গাপুজোর মতো কালীপুজোতেও এবার সেরা পুজো বাছতে প্রতিযোগিতার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ।
- শব্দবাজির দৌরাত্ম্য এবং দূষণ রুখতে পুলিশের সঙ্গে রাস্তায় ঘুরবেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তারা।
- অপ্রীতিকর ঘটনা রুখতে দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও পথে নামবেন পুলিশের পদস্থ কর্তারা। থাকবেন অন্যান্য পুলিশকর্মীরাও।
[সতীর পীঠ অট্টহাস সম্পর্কে এই তথ্যগুলো জানেন কি?]
The post সেরা কালীপুজো নিয়ে কার্নিভাল করবে লালবাজার appeared first on Sangbad Pratidin.
