সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে বড়সড় দুর্ঘটনা। ১৩ নম্বর প্লাটফর্মের গার্ডওয়ালে ধাক্কা দিল সোনারপুর লোকাল। ধাক্কার জেরে লাইনচ্যুত লোকাল ট্রেনের দু’টি কামরা। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন নিত্যযাত্রী।
[কেন স্ত্রীর মুখ দেখা যাচ্ছে, সেলফি নিয়ে এবার ইরফানকে বিঁধলেন মৌলবি]
জানা গিয়েছে, বুধবার সকালে ৯.২২ মিনিটে সোনারপুর থেকে ছেড়ে আসে ট্রেনটি। সাধারণত ১০.০৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনে তার ঢোকার কথা। কিন্তু এদিন সিগন্যাল পেতে দেরী হওয়ায় তা ১০.১৭ মিনিট নাগাদ ঢোকে। গাড়ির গতি বেশি থাকায় তা সোজা গিয়ে ধাক্কা দেয় ১৩ নম্বর প্লাটফর্মের গার্ডওয়ালে। প্রবল ঝাকুনিতে দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ধাক্কার তীব্রতায় আহত হন একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
ঘটনার সময় ১৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আরও একটি ট্রেন। অল্পের জন্য তা রক্ষা পায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ব্যস্ত অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে প্রচুর মানুষ ছিলেন। আচমকা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দেন রেলের কর্মীরা।
[‘জগ্গা জাসুস’ খ্যাত অভিনেত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বলিপাড়ায়]
কিন্তু কেন এমন ঘটনা ঘটল? অনেকে বলছেন বৃষ্টির কারণে লাইন পিছল থাকায় এবং গাড়ির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অনেকে আবার যান্ত্রিক গোলযোগের তত্ত্বও তুলে ধরেছেন। কেউ কেউ আবার চালকের গাফিলতির অভিযোগও করছেন। পূর্ব রেল মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ট্রেনের চালককে। শোকজ করা হয়েছে দায়িত্বে থাকা গার্ডকে।
[রুপোর হার গিলে বিপাকে শিশু, অস্ত্রোপচারের পরিকাঠামোই নেই হাসপাতালে!]
The post ব্যস্ত সময়ে শিয়ালদহে ট্রেন দুর্ঘটনা, আহত একাধিক appeared first on Sangbad Pratidin.
