অর্ণব আইচ: ঠাকুরপুকুরে যুবক খুনের তদন্তে নেমে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল ঠাকুরপুকুর থানার পুলিশ। ধৃতদের নাম অশোক রায় ও রবি দাস। জানা গিয়েছে, মদের আসরে ২০ টাকা নিয়ে বচসার জেরেই পেশায় রিকশা চালক গৌতমকে খুন করে অভিযুক্তরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের হদিশ পাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা।
যুবকের দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় ঠাকুরপুর থানা এলাকায়। এদিন সকালে ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হয় গৌতম ঘোষ নামে ওই যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে বুধবারই ৪ জনকে আটকও করা হয়। কিন্তু কী কারণে এই খুন, তা নিয়ে ধোঁয়াশায় ছিল পুলিশ। রহস্যভেদ করতে সিসিটিভি ফুটেজের সাহায্য নেয় তদন্তকারীরা।
এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অশোক ও রবি নামে দুই বন্ধুর সঙ্গে মদের আসরে বসেছিলেন মৃত গৌতম। সেখানেই অশোকের কাছে পাওনা কুড়ি টাকা ফেরত চায় গৌতম। এই নিয়েই শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই আচমকা ইট দিয়ে গৌতমকে আক্রমণ অশোক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গৌতম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, বিষয়টি প্রকাশ্যে আসতেই দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মঙ্গলবার রাতে ওই মদের আসরে আর কেউ ছিলেন কি না? আদতেই কি কুড়ি টাকার জন্যই খুন? এহেন একাধিক প্রশ্নের উত্তরের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।
[আরও পড়ুন: সন্ময় বন্দ্যোপাধ্যায়কে নির্যাতনের অভিযোগ, অপসারিত পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার]
The post ২০ টাকা নিয়ে বচসায় খুন, ঠাকুরপুকুরে যুবক হত্যাকাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য appeared first on Sangbad Pratidin.
