রাতের কলকাতায় (Kolkata) মহিলাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট। লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখা ও শেক্সপিয়ার সরণি থানার যৌথ অভিযানে গ্রেপ্তার দুই। পাপ্পু যাদব এবং বিহারী যাদব নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র।
গত ১৬ এপ্রিল রাতে শেক্সপিয়র সরনি এলাকার একটি পানশালায় গিয়েছিলেন ওই তরুণী। সেখান থেকে গভীর রাতে বেরন। কলেজ স্ট্রিটের বাসিন্দা তিনি। বাড়ি ফেরার জন্য যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেন। আসেন বিহারী যাদব নামে এক চালক। ক্যাবচালক বেশ কিছুক্ষণ নিয়ে যায় তাকে। অভিযোগ, কিছুটা যাওয়ার পর ক্যাবচালক মহিলাকে জানান, তিনি আর যেতে পারবেন না। তাঁর ভাই পাপ্পু যাদবের ক্যাবে করে বাকি রাস্তায় পৌঁছে দেওয়া হবে ওই মহিলাকে। পাপ্পু পৌঁছয়। এরপর ওই মহিলা উঠে পড়েন তার ক্যাবে। বেশ কিছুক্ষণ অচেনা রাস্তা দিয়ে গাড়ি এগোয় বলেই মহিলার দাবি।
মহিলা আরও জানান, এরপর নির্জন জায়গায় ক্যাব দাঁড় করিয়ে দেওয়া হয়। চলে আসে বিহারীও। অভিযোগ, মহিলার গলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে চলে লুটপাট। তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল, গলার সোনার হার কেড়ে নেয় দু'জনে। এরপর ফের ক্যাবে তোলা হয়। কলেজ স্ট্রিটে তাঁর বাড়ির কিছুটা দূরে ক্যাব থেকে নামিয়ে দেওয়া হয়। পরদিন শেক্সপিয়র সরনি থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শুরু হয় তদন্ত। লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখা ও শেক্সপিয়ার সরণি থানার যৌথ অভিযানে দু'জনকে গ্রেপ্তার করা হয়। পাপ্পু যাদব ও বিহারী যাদব ট্যাংরার বাসিন্দা। বাবুঘাট থেকে গ্রেপ্তার করা হয় দু'জনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের।
