রাজ্যের আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। কৃষ্ণনগর উত্তর, কল্যাণী-সহ পাঁচটি বিধানসভা আসনে শুক্রবার প্রার্থী ঘোষণা করল পদ্মশিবির। আর সেই তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে দলের অন্যতম পুরাতন কর্মী অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায়ের। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। এছাড়াও কর্মী সমর্থকদের লাগাতার বিক্ষোভের জেরে গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থী বদল করতে একপ্রকার বাধ্য হল বিজেপি। প্রার্থী বদল হল বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে।
শুক্রবার সন্ধ্যায় পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। আর সেই তালিকা অনুযায়ী কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তারকনাথ চট্টোপাধ্যায়কে। কল্যাণী বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন অনুপম বিশ্বাস। দমদম উত্তর কেন্দ্রে সৌরভ শিকদার এবং উলবেড়িয়া পূর্বের বিজেপির প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই তালিকাতেই নাম রয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়ের।
তালিকা অনুযায়ী কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তারকনাথ চট্টোপাধ্যায়কে। কল্যাণী বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন অনুপম বিশ্বাস। দমদম উত্তর কেন্দ্রে সৌরভ শিকদার এবং উলবেড়িয়া পূর্বের বিজেপির প্রার্থী রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। এই তালিকাতেই নাম রয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়ের।
গত বিধানসভা নির্বাচনের পর থেকেই তাঁকে সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। আদি-নব্যের লড়াইয়ে দলে রীতিমতো কোনঠাসা হয়ে পড়েছিলেন বলে দাবি। যদিও ২৬ এর ভোটের আগে ফের ময়দানে রাজু বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল। এমনকী প্রার্থী হওয়া নিয়েও জল্পনা ছিল। অবশেষে সেই জল্পনা সত্যি করে মধ্যমগ্রাম বিধানসভা থেকে রাজুকে প্রার্থী করল দল।
এদিকে ভোটের আগে একাধিক কেন্দ্রে প্রার্থী বদল চেয়ে লাগাতার বিক্ষোভে নামেন কর্মী সমর্থকরা। এমনকী সেই বিক্ষোভের আঁচ পড়ে সল্টলেকের বিজেপি দপ্তরেও। যা নিয়ে রীতিমতো চাপে পড়ে যান বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করতে বাধ্য হল দল। বসিরহাট উত্তর বিধানসভা আসনে বিজেপির নতুন প্রার্থী হচ্ছেন কৌশিক সিদ্ধার্থ। বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব থেকে প্রার্থী করা হচ্ছে অভিজিৎ সর্দার এবং শঙ্কর শিকদারকে।
